আশরাফুলের মিহি সুতার যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজশাহী সিল্ক’ বলে পরিচিত রেশম কাপড়ের বেশ কদর রয়েছে দেশে। এর মধ্যে মিহি রেশম কাপড়ের চাহিদা বেশি। এই কাপড় বুনতে তাঁতের ‘তানা’ ও ‘ভরনায়’ বিশেষ ধরনের মিহি সুতা লাগে। তাঁতের মাকুর ভেতরের সুতাকে ‘ভরনা’ এবং সানা বা রিডের ভেতরের সুতাকে ‘তানা’ বলা হয়। আমাদের দেশে এই সুতা না থাকায় চীন থেকে আমদানি করা সুতা দিয়ে চলে আসছিল এই কাজ। এতে এই সুতার জন্য কেবল বিদেশের ওপর নির্ভর করেই থাকতে হতো না, কাপড় উৎপাদনে খরচও হতো বেশি। এখন সে অবস্থার পরিবর্তন ঘটেছে। নিজের উদ্ভাবিত যন্ত্রের (রিলিং মেশিন) মাধ্যমে ওই চিকন সুতা তৈরি করে রাজশাহীর রেশম-তাঁতিদের মুখে হাসি ফুটিয়েছেন রাজশাহীরই ছেলে আশরাফুল ইসলাম (৫০)। টুটুল নামেই তাঁকে চেনে পরিচিত লোকেরা। তাঁর যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এতে জ্বালানিখরচ লাগে না। চলে সৌরশক্তিতে।অভিজ্ঞজনদের ভাষ্য, আশরাফুলের যন্ত্র থেকে তৈরি সুতা মানের দিক দিয়ে চীনের চিকন সুতার মতোই। পর্যাপ্ত পরিমাণে এই সুতা উৎপাদন করতে পারলে চীন থেকে আর সুতা আমদানি করতে হবে না। এতে দেশে এই সুতার বাজারও তৈরি হবে। অনুপ্রেরণা ও উদ্ভাবন: রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার মানুষ আশরাফুল। দারিদ্র্যের কারণে নবম শ্রেণীতেই থেমে যায় পড়াশোনা। এরপর তিনি তাঁতযন্ত্র মেরামতের ছোটখাটো কাজ শেখেন। পরবর্তী সময়ে বিভিন্ন তাঁত-কারখানায় মেকানিকের সহকারী হিসেবে কাজ করেন। এভাবে একসময় এই যন্ত্রের ব্যাপারে কারিগরি জ্ঞানে অভিজ্ঞ হয়ে ওঠেন তিনি। ১৯৮৮ সালে আশরাফুল রাজশাহী রেশম-কারখানায় মেকানিক হিসেবে যোগ দেন। আশরাফুল জানান, ওই কারখানায় চীন, জাপান, ভারত ও কোরিয়ার প্রকৌশলীদের সঙ্গে তাঁর কাজ করার সুযোগ হয়। ২০০২ সালে রেশম-কারখানা বন্ধ হয়ে গেলে তিনি বেকার হয়ে পড়েন। তখন ভাবেন দীর্ঘদিনের কারিগরি জ্ঞান থেকে কোনো যন্ত্র উদ্ভাবন করা যায় কি না। প্রথমেই আশরাফুল সুতার পুরুত্ব মাপার জন্য যন্ত্র তৈরি করেন। জাপান থেকে আমদানি করা এই যন্ত্র কিনতে ৪২ হাজার টাকা খরচ পড়ে। আশরাফুল নিজের কারিগরি জ্ঞান দিয়ে মাত্র সাড়ে নয় হাজার টাকা ব্যয়ে যন্ত্রটি তৈরি করেন। সেরিকালচার রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে বেসরকারি সংস্থা কারিতাস ও সিল্ক ফাউন্ডেশন তাঁর কাছ থেকে যন্ত্রটি কিনে নেয়। তিনি ১২টি যন্ত্র বিক্রি করেন। একইভাবে তিনি রেশম-গুটি শুকাতে মাল্টি ফুয়েল কোকোনো ড্রায়ার ও গ্রামেগঞ্জে মেয়েদের ব্যবহার-উপযোগী ছোট ছোট থাই রিলিং মেশিন (সুতা কাটার যন্ত্র) তৈরি করেন। আশরাফুল দেখেন, মোটা দেশি সুতা দিয়ে তানা ও ভরনার কাজ চলে না। এই সমস্যা সমাধানে তিনি তিন বছর ধরে কাজ করেন। এরপর নতুন প্রযুক্তির একটি সুতা কাটার যন্ত্র উদ্ভাবনে সক্ষম হন। এটিই তাঁর সবচেয়ে বড় উদ্ভাবন।আশরাফুলের বাড়িতে: সম্প্রতি এক দুপুরে আশরাফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ছোট টিনশেড ঘরে তাঁর ওয়ার্কশপ। সেখানে পুরো কক্ষ দখল করে একটি নতুন মিহি সুতা কাটার যন্ত্র তৈরি হচ্ছে। একাই কাজ করছেন তিনি। আশরাফুল বলেন, তাঁর যন্ত্রের একটি বড় দিক হচ্ছে, এতে জ্বালানিখরচ লাগে না, সৌরশক্তিতে চলে। সুতার পুরুত্বও রক্ষা করা হচ্ছে পুরোপুরি। সুতা আহরণের সময় অপচয় ৩০-৩৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে নেমে এসেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এ জাতীয় একটি চীনা যন্ত্র কিনতে যে টাকা লাগে, তার অর্ধেক টাকায় তিনি এই যন্ত্র সরবরাহ করতে পারছেন। মেশিনের সব যন্ত্রাংশ তিনি নিজে তৈরি করেন। আশরাফুল বলেন, এ ব্যাপারে সেরিকালচার রিসার্চ ইনস্টিটিউটের কাছে তিনি ঋণী। তারা তাঁকে অনেক কারিগরি জ্ঞান দিয়েছে। তাদের মাধ্যমে অনেক কারখানা-মালিক তাঁর কাছ থেকে যন্ত্র নিয়েছেন। এতে তাঁর সংসারের অভাব দূর হয়েছে। সাফল্যের সিঁড়ি ধরে: আশরাফুল জানান, ২০০৮ সালে সপুরা সিল্ক মিলসের মালিক সদর আলী তাঁকে এই যন্ত্র তৈরি করে দিতে বলেন। আড়াই মাসে এক লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে যন্ত্রটি তৈরি করে দেন তিনি। সম্পতি ওই কারখানায় গিয়ে দেখা যায়, আশরাফুলের তৈরি সুতা কাটার যন্ত্রে নারী শ্রমিকেরা গুটি থেকে সুতা কাটছেন। নারী শ্রমিক রোজী, সোহাগী ও শিপ্রা বলেন, এই মেশিনে সুতা কাটার ঝামেলা কম। পানি গরম করার বালাই নেই। সপুরা সিল্ক মিলসের মালিক সদর আলী দেখান কীভাবে সূর্যের আলোতে ওপর থেকে পানি গরম হয়ে বেসিনে আসছে। এতে কোনো জ্বালানিখরচ লাগছে না। তিনি বলেন, অনবরত পানি বদলে যাওয়ার কারণে ময়লাও থাকছে না। এতে সুতার রং হচ্ছে উজ্জ্বল। এই যন্ত্র থেকে যে রেশমমথ পাওয়া যায়, তা মুরগির খাবার হিসেবে খামারে ব্যবহূত হচ্ছে। রেশম বোর্ডও আশরাফুলের কাছ থেকে দুটি যন্ত্র নিয়ে ময়মনসিংহ ও রাজশাহীর মীরগঞ্জে বসায়। রাজশাহীর মীরগঞ্জ রেশম বীজাগারে গত বছর জুলাইয়ে একটি যন্ত্র বসানো হয়। বীজাগারের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, এই যন্ত্রের কারণে সুতার মান বেড়েছে। চাষিরাও ভালো দাম পাচ্ছে। তাদের মধ্যে রেশম চাষের আগ্রহ বাড়ছে। তিনি বলেন, গত বছর বীজাগারের আশপাশের গ্রামের ৪০ জন রেশম চাষিকে পলু পোকার ডিম দেওয়া হয়েছিল। এবার নিয়েছেন ৫৫ জন। বাংলাদেশ রেশম বোর্ডের প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মর্তুজা রেজা বলেন, ‘বর্তমানে আমাদের সুতার প্রয়োজন প্রায় ৩০০ টন, দেশে উৎপাদিত হচ্ছে প্রায় ৫০ টন। বাকি প্রায় ২৫০ টন সুতাই চীনসহ অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। এখন এই রিলিং মেশিনেই মানসম্মত সুতা তৈরি হচ্ছে। ভালো দাম পাওয়া যাচ্ছে। এখন দেশে ভালো মানের রেশম-গুটির উৎপাদন বাড়াতে পারলে একদিকে বিদেশনির্ভরতা কমবে, অপরদিকে ব্যাপক হারে কর্মসংস্থান হবে।’ বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান সুনীলচন্দ্র পাল বলেন, আগের রিলিং মেশিনে কাটা সুতা শুধু হস্তচালিত তাঁতেই ব্যবহার করা যেত, শক্তিচালিত তাঁতে ব্যবহার করা যেত না। আশরাফুলের রিলিং মেশিনের সুতা হস্ত ও শক্তিচালিত উভয় তাঁতেই ব্যবহার করা যাচ্ছে। এতে দেশি সুতার চমৎকার বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে।