আশরাফের দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তার ঝুলন্ত লাশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের দুর্নীতি-সংক্রান্ত একটি মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে জানা যায়, কামরান ফয়সাল নামের ওই পুলিশ কর্মকর্তার মরদেহ ইসলামাবাদে তাঁর সরকারি বাসভবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, কামরান আত্মহত্যা করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর লাশের ময়নাতদন্তও করা হচ্ছে।ইসলামাবাদ পুলিশের শীর্ষ কর্মকর্তা বনি আমিন বলেন, ‘আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ ঘটনার তদন্ত করছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে আমরা মতামত জানাব।’বিবিসি আরও জানায়, গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট রাজা আশরাফকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন। আশরাফের বিরুদ্ধে ২০১০ সালে পানি ও বিদ্যুত্মন্ত্রী থাকাকালে পাওয়ার জেনারেশন নামের একটি প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজা আশরাফ।