আশরাফের বক্তব্যের প্রতিবাদে আবুল মকসুদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কলাম লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সড়ক দুর্ঘটনা বিষয়ে জাতীয় সংসদে দেওয়া স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানাতে তিনি আজ শনিবার বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের পাশে অবস্থান করেন।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, সড়ক মেরামতের জন্য অপেশাদার ও দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর সঙ্গে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও জড়িত। এতে সড়ক খারাপ হচ্ছে। এই বক্তব্যের জবাবে আশরাফ বলেন, পত্রপত্রিকায় লেখা হয় দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করার কারণ নেই, দেখতে হবে কাউকে হত্যা করা হয়েছে কি না। তিনি বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের কিছু করার নেই। কেননা, দুর্ঘটনা হলো দুর্ঘটনা (অ্যাকসিডেন্ট ইজ অ্যাকসিডেন্ট)।’সৈয়দ আশরাফের এ বক্তব্যকে নিষ্ঠুর উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি থেকে সত্য আগেই চলে গেছে। এখন দেখছি দয়া, করুণা ও সমবেদনার লেশমাত্রও নেই। গত তিন বছরে যে ১৭ থেকে ১৮ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, মন্ত্রীর এই বক্তব্য তাদের আত্মার প্রতি চরম অবমাননার শামিল।’সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, সব সড়ক দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয়। যোগাযোগ ক্ষেত্রে সীমাহীন অব্যবস্থা, দুর্নীতি, ট্রাফিক আইন অমান্য করা, বেপরোয়া গাড়ি চালানো, অপরাধীকে শাস্তির আওতায় না আনায় দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। সড়ক দুর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে নাগরিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে তিনি জানান।