জিম্বাবুয়ে বাংলাদেশের উপকার করল না অপকার, ঠিক বোঝা যাচ্ছে না! অস্ট্রেলিয়ার পর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানও প্রস্তুতি ম্যাচে তাদের কাছে ধরাশায়ী। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গীও না এই দুই দল।জিম্বাবুয়ের এই দুটি জয়কে চাইলে দু ভাবে দেখতে পারেন। প্রথমটি বাংলাদেশের জন্য উদ্দীপক। কারণ এটি বলছে, অস্ট্রেলিয়া-পাকিস্তানের অবস্থা খুব একটা সুবিধার নয়। ওদের হারিয়ে দেওয়া সম্ভব। এর উল্টো পিঠটা নিয়ে আসছে চাপ—জিম্বাবুয়ে যদি অস্ট্রেলিয়া-পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, বাংলাদেশ কেন পারবে না?যেকোনো সফরে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে যেভাবে আশার ফানুস ওড়ায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেটির ব্যতিক্রম। অধিনায়ক সাকিব আল হাসান অনেক বেশি বাস্তববাদী। মনের কথা অকপটে খুলে বলার অভ্যাসটাও আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে ব্যতিক্রম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মর্মান্তিক ইতিহাস এবং দুই গ্রুপ প্রতিপক্ষকে বিবেচনায় নিয়ে সাকিব তাই স্বপ্ন দেখতে মানাই করে দিয়েছিলেন।আবার একদমই স্বপ্নহীন যাত্রাই বা কেমন হয়! ভেবেচিন্তে স্বপ্নের একটা নাম তাই খুঁজে বের করেছেন—পাকিস্তান-বধ। আজ পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচ। সাকিব এখনো স্বপ্নটা আঁকড়ে আছেন। গত দুটি বিশ্বকাপেরই ফাইনালিস্ট, গতবারের চ্যাম্পিয়ন—পাকিস্তানকেই কেন বধ্য বলে মনে হচ্ছে?‘পাকিস্তান খুব আনপ্রেডিক্টেবল। আজ ভালো তো কাল খারাপ। ওদের যদি একটা খারাপ দিন যায় আর সেই দিনটা আমাদের জন্য ভালো হয়, তাহলে হয়েও যেতে পারে’—এই হলো সাকিবের ব্যাখ্যা। মোহাম্মদ আশরাফুল সব সময়ই বিশ্বের সবচেয়ে আশাবাদীদের সংক্ষিপ্ত তালিকাতেও থাকেন। পরশু রাতে সাবেক অধিনায়ক হিসাব করছিলেন, ‘আমরা যদি পাকিস্তানকে হারিয়ে দিই, আর গ্রুপের পরের ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছেও হারে, তা হলেই তো আমরা সুপার এইটে উঠে যাই।’এভাবে ভাবলে তো সহজই। তা আশরাফুল আর কিছু ভাবছেন না? আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ তো অনেক দুঃস্মৃতি নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার কথা। গত বছর ইংল্যান্ডে টি-টোয়েন্টির সর্বশেষ বিশ্বকাপে ব্যর্থতার ঝড়টা গেছে তাঁর ওপর দিয়েই। হারাতে হয়েছে অধিনায়কত্বও। মনে পড়ছে না সে সব? আশরাফুলের পাল্টা প্রশ্ন, ‘মনে রেখে কোনো লাভ আছে?’ যেন লাভ-ক্ষতি হিসাব করার পরই মানুষের মন কোনো কিছু মনে রাখার সিদ্ধান্ত নেয়!পরশু জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ পুরোটাই মাঠে বসে দেখেছেন কোচ জেমি সিডন্স। সাকিবও দেখেছেন পাকিস্তানের ব্যাটিংয়ের অংশটুকু। এই যুগে প্রতিপক্ষ সম্পর্কে জানতে মাঠে গোয়েন্দাগিরির আর প্রয়োজন হয় না। ভিডিও ফুটেজ আছে, সরাসরি টিভিতে খেলা দেখার সুযোগ আছে, চাইলে প্রতিপক্ষের সব খেলোয়াড় সম্পর্কে খুঁটিনাটি সবই ল্যাপটপে ভেসে ওঠে। সাকিব মূলত উইকেটটা বুঝতে চেয়েছিলেন। বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচই খেলেছে বারবাডোজে। আশরাফুল ছাড়া বাংলাদেশের এই দলের আর কারও সেন্ট লুসিয়ায় খেলারই অভিজ্ঞতা নেই। উইকেটের চরিত্রটা সাকিবের পছন্দই হয়েছে, ‘এই উইকেটে আস্তে বল খেলা কঠিন। আমাদের দলে অনেক স্পিনার, এখানে খেলাটা হয়ে ভালোই হয়েছে।’শহীদ আফ্রিদিও একমত। জিম্বাবুয়ের কাছে হেরে এসে সংবাদ সম্মেলনে বললেন, ‘ঠিক স্পিনিং উইকেট নয়। তবে অভিজ্ঞ স্পিনাররা এটি কাজে লাগাতে পারবে। এই উইকেট “নামো আর মারো” টাইপের নয়।’জেমি সিডন্সেরও একই মত। তা হলে তো বাংলাদেশের জন্য এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে বারবাডোজে পাকিস্তানের সঙ্গে খেললেই ভালো হতো। এবার সিডন্স ভিন্নমত, ‘না, পাকিস্তানই ঠিক আছে। ওরা ভালো স্পিন খেলতে পারে না।’ এই পর্যবেক্ষণ নিয়ে বিতর্ক থাকতেই পারে, সাকিবই যেমন বললেন, ‘এশিয়ার কোনো দেশই স্পিনে খারাপ নয়।’পাকিস্তানের ব্যাটিং দেখে সিডন্সের আর যা মনে হয়েছে, সেটি এই শতাব্দীর সেরা আবিষ্কার। ‘এই মাঠটা অনেক বড়। পাকিস্তানিরাও আমাদের মতোই। জোরে মেরে মাঠ পার করতে পারে না। ছক্কা মারতে গেলে বাউন্ডারি লাইনে ক্যাচ হবে।’ শহীদ আফ্রিদি, আবদুল রাজ্জাক, মিসবাহ-উল হক, দুই আকমল ভাই—পাকিস্তান দলে বিগ হিটারের ছড়াছড়ি, আর সিডন্স এটা কী বলছেন!জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে পাকিস্তানিদের ছক্কা মারার চেষ্টা বেশ কবার ক্যাচে পর্যবসিত হয়েছে। তাতেই এই সিদ্ধান্ত? আফ্রিদি-রাজ্জাকদের মারধরের ইতিহাস কি সিডন্সের অজানা নাকি!বাংলাদেশ দলে গত কিছুদিন এতে যাঁর সবচেয়ে নামডাক, সেই তামিম ইকবাল খেলবেন কি খেলবেন না, গত পরশু পর্যন্ত সেটি একশ ভাগ নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছেনি। দু দিন নেটে ব্যাট করেছেন, তবে খেলেছেন শুধু স্পিনারদের। কাল দুপুরে (বাংলাদেশে মধ্যরাত) পেসারদের খেলতে কতটা ‘ব্যথা’ লাগে, তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সাকিবের কথা শুনে অবশ্য মনে হলো, তামিমকে ছাড়া মাঠে নামবেন না। তামিমও খেলতে হবে, এমনই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন, ‘খেললে ব্যথা নিয়েই খেলতে হবে। এখন ব্যথাটা কেমন হয়, সেটাই হলো কথা।’শহীদ আফ্রিদি তামিমকেও চেনেন বলে মনে হলো না। ‘বাংলাদেশ ভালো দল, নতুন অনেক খেলোয়াড় এসেছে’—প্রথাগত এসব বলার পর ‘বাংলাদেশের এই গ্রুপ থেকে সুপার এইটে উঠতে পারার সামর্থ্য আছে কি না’ এই প্রশ্নেও ‘ইয়েস’ বলে দিলেন। এর পরই আবার স্বীকার করলেন, বাংলাদেশের খেলা এর মধ্যে একটুও দেখা হয়নি। সন্ধ্যায় কোচের সঙ্গে বসে দেখবেন, কে কেমন খেলে।টি-টোয়েন্টি বিশ্বকাপ, শহীদ আফ্রিদির প্রেস কনফারেন্সটাও যেন ‘টি-টোয়েন্টি’। সংক্ষিপ্ত কাটা কাটা উত্তর, মিনিট ছয়-সাতের মধ্যেই শেষ! এর মধ্যেই জানিয়ে গেলেন, ১৯৯২ সালে টি-টোয়েন্টি দিয়েই তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু। ১৯৯২ সালে টি-টোয়েন্টি! নামটা তখনো হয়নি, তবে কিশোর-তরুণেরা তো ২০ ওভারের ম্যাচ খেলতই।