আশা টাওয়ারে ভাঙচুর করলেন চাকরিপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা গতকাল শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে বেসরকারি সংস্থা আশার প্রধান কার্যালয়ে ও এর আশপাশের সড়কে যানবাহনে ভাঙচুর করেছেন। এ সময় সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, একাধিক দৈনিকে আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কয়েক হাজার প্রার্থী গতকাল সকালে শ্যামলীর আশা টাওয়ার ও এর পেছনের মাঠে জড়ো হন। সকাল আটটা থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়। কিন্তু সব প্রার্থীর স্থান-সংকুলান না হওয়ায় সকাল ১০টার দিকে শুরু হয় বিশৃঙ্খলা।পরীক্ষার হলের বাইরে অপেক্ষমাণ প্রার্থীরা এ সময় বিক্ষুব্ধ হয়ে টাওয়ার লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁরা টাওয়ারের নিরাপত্তাকর্মীদের ওপরও হামলা চালান। এতে আশার নিরাপত্তা বিভাগের প্রধান আনোয়ারুল হকসহ কয়েকজন আহত হন। এরপর চাকরিপ্রার্থীরা আশা ভবনের সামনের মিরপুর সড়ক অবরোধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।টাওয়ারটিতে আশা ইউনিভার্সিটিও অবস্থিত। চাকরিপ্রার্থীদের ভাঙচুরের একপর্যায়ে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ মিরপুর সড়ক ও খিলজি রোডে ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে পুলিশ এসে কয়েক দফা লাঠিপেটা করে সংঘর্ষকারীদের সরিয়ে দেয়। এর পরও খিলজি ও বাবর রোডে সংঘর্ষ চলে। সেখানে কয়েকটি বাড়ির জানালার কাচ ও গাড়ি ভাঙচুর করলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর ১২টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চাকরিপ্রার্থী ফারুক হোসেন দাবি করেন, সকালে আসার পর তাঁদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা আর দরখাস্ত নেওয়া হয়েছে। তবে তিনিসহ অনেকেই টাকা দিয়ে যে প্রবেশপত্র পেয়েছেন, তা ভুয়া।আশার নির্বাহী সহসভাপতি মো. ফয়জার রহমান প্রথম আলোকে বলেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির ঋণ কর্মকর্তা ও ঋণ সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সিলেট ও চট্টগ্রাম বাদে বাকি পাঁচ বিভাগ থেকে প্রার্থীরা এসেছিলেন। ৩০০ পদে পাঁচ হাজার প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য আশা টাওয়ার ও পাশের আনন্দ উচ্চবিদ্যালয়ে স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এবং প্রার্থীরা সবাই একসঙ্গে পরীক্ষা দিতে চাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বহিরাগতদের ইন্ধনে প্রার্থীরা সহিংসতা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।তিনি বলেন, বেলা দেড়টা পর্যন্ত চার হাজার ৫৮১ জনের পরীক্ষা নেওয়া হয়। বাকিদের পরীক্ষা ১৬ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়গুলোতে নেওয়া হবে। তিনি বলেন, ‘পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্রের অভিযোগ সঠিক নয়।’মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম বলেন, আশার অব্যবস্থাপনার কারণে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষে দুজন পুলিশ আহত হয়েছেন। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।