আশা-নিরাশার দোলাচলে মধ্যপ্রাচ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য ২০১২ সাল কাটিয়েছে আশা-নিরাশার দোলাচলে দুলে। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে বছরের শেষ দিকে, গত ২৯ নভেম্বর। ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটে সদস্যদেশগুলোর বিপুল সমর্থন পেয়ে ফিলিস্তিন অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে। এটি তাদের পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।জাতিসংঘের সাধারণ পরিষদে ওই দিন ফিলিস্তিনের পক্ষে ১৩৮টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে মাত্র নয় ভোট। ভোটের পর জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হলো। আমি মনে করি, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার রয়েছে।’মধ্যপ্রাচ্যে ২০১২ সালে সবচেয়ে হতাশাব্যঞ্জক ছিল সিরিয়ার পরিস্থিতি। বছরজুড়েই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের সঙ্গে গণতন্ত্রকামী বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে, যা এখনো বর্তমান। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, সিরিয়ায় প্রায় ২১ মাস ধরে চলা এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ ও আরব লিগের কয়েক দফা জোরালো উদ্যোগ সত্ত্বেও সিরিয়া-সংকটের কোনো সমাধান হয়নি। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের ঘটনা আশপাশের দেশগুলোতেও প্রভাব ফেলে। তুরস্ক ও জর্ডানে বিপুল পরিমাণ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। সিরিয়ার অভিযোগ, ওই দুই দেশে গিয়ে বিদ্রোহীরা শক্তি সঞ্চয় করে ফিরে এসে হামলা চালাচ্ছে। জর্ডানে আশ্রয় নেওয়া শত শত ফিলিস্তিনি সিরিয়ার বিদ্রোহীদের দলে ভিড়ে লড়ছে। এসব ঘটনায় এর মধ্যে উভয় দেশের সঙ্গে সিরিয়ার সম্পর্কের অবনতি ঘটে। তুরস্কের সঙ্গে আকাশ ও স্থলপথে সিরিয়ার একাধিকবার সংঘর্ষও হয়েছে; এখন তা বিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলায় রূপ নিয়েছে।এই সংঘাতের সূত্র ধরে বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলোও পারস্পরিক বিরোধে জড়িয়ে যাচ্ছে। সিরিয়ার সরকারের পেছনে জোরালো সমর্থন রয়েছে রাশিয়া ও চীনের। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে।এদিকে গত নভেম্বরের শেষে গাজায় ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আট দিনের এই যুদ্ধে গাজা থেকে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছুড়েছে। ইসরায়েলি সেনারা চালিয়েছে বিমান হামলা। এতে ছয় ইসরায়েলি সেনা ও ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনায় ইসরায়েলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও গাজায় দুই শতাধিক ভবন ধ্বংস হয়েছে।২০১২ সালে মধ্যপ্রাচ্যের আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধ। ইরান পারমাণবিক অস্ত্র বাগানোর লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে—এই অজুহাত তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে জাতিসংঘ ও আরও কয়েকটি দেশের সমর্থন রয়েছে। তবে ইরানকে নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল সে দেশে হামলা চালাবে কি না বা কখন হামলা চালাতে পারে, বছরজুড়ে এই গুঞ্জন ঘুরপাক খেয়েছে। তবে ইসরায়েলের হুমকি-ধমকিতে না দমে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখনো। শরিফুল ইসলাম ভূঁইয়া