আশা-নিরাশার বছর
আমাদের রাষ্ট্রীয় জীবনে ২০০৯-এর বৈশিষ্ট্য হলো, এটি ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বছর। ২০০৭-০৮ বাংলাদেশ শাসিত হয়েছে সংবিধানবহির্ভূত একটি অনিয়মিত সরকার দ্বারা। তবে সেই সরকারের ক্ষমতা গ্রহণের যেমন একটি পটভূমি ছিল, ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে যে সরকার ৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে, তারও একটি পটভূমি রয়েছে।স্বৈরাচারের পতনের পর ১৯৯১ সালে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে যে সংসদ ও সরকার গঠিত হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার থেকে যে সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি প্রত্যাশিত ছিল, তা পাওয়া যায়নি। তা সত্ত্বেও সাংবিধানিকভাবেই নির্বাচনের মাধ্যমে সরকারগুলোর পরিবর্তন ঘটেছে। দুবার বিএনপি এবং একবার আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়। দেশে মোটের ওপর গণতন্ত্র ছিল, কিন্তু গণতন্ত্র হোঁচট খায় ২০০৬ সালে এসে। বিএনপি-জামায়াত জোট ‘পুনর্নির্বাচিত’ হয়ে আবার ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছিল। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, ইচ্ছামতো সাজানো নির্বাচন কমিশন এবং একশ্রেণীর অনুগত কর্মকর্তার সহযোগে কৌশলে পুনর্নির্বাচিত হতে চেয়েছিল তারা। কিন্তু দাতা দেশগুলোর সরকার, আন্তর্জাতিক আমলাতন্ত্র ও দেশের সচেতন নাগরিক সমাজের কাছে কোনো রকম একটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। সরকারের প্রতিক্রিয়াশীল নীতি, অদক্ষতা, দুর্নীতি প্রভৃতি দাতাগোষ্ঠী ও নাগরিক সমাজ মেনে নিতে পারছিল না। যদিও বর্তমান পৃথিবীর আন্তর্জাতিক আমলাতন্ত্রও দুর্নীতিমুক্ত নয়। ব্যাপক রাজনৈতিক সংস্কারের দাবি ওঠে এবং একপর্যায়ে তা জনগণের দাবিতে পরিণত হয়। ১৪-দলীয় মহাজোটের সহিংস আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং দাতা দেশগুলোর অনুমোদনে ১২ জানুয়ারি ২০০৭ সালে এক অনিয়মিত সরকার অধিষ্ঠিত হয়। তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে, নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করে। অব্যবহিত-পূর্ববর্তী শাসক দল দুটি খুব কম আসন পায়, অবিশ্বাস্য রকম বেশি আসন পেয়ে সরকার গঠন করে মহাজোট।সুতরাং বর্তমান মহাজোট সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার সরকার নয়। তাকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হয়েছে নতুন করে। ১৯৯১-এর সরকার যেমন নতুন করে সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা আরাম্ভ করে, ২০০৯-এর সরকারকেও ঠিক তাই করতে হয়। গত চার-পাঁচ বছর গণতন্ত্রের জন্য যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, যে সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪-দলীয় জোট, সেই সংগ্রামের চেতনাকে সমুন্নত রাখাই বর্তমান সরকারের নৈতিক দায়িত্ব। তাদের নির্বাচনী অঙ্গীকারও ছিল তা-ই। সুতরাং এই সরকার ও সংসদের কাছে জনগণের প্রত্যাশা অন্য রকম।সেনাপতি পরিচালিত অসাংবিধানিক সরকার জরুরি অবস্থা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তাতে সবচেয়ে বিপর্যস্ত হয় বিএনপির নেতারা, কিন্তু আওয়ামী লীগের কয়েকজন বড় বড় নেতাও ফেঁসে যান। আত্মরক্ষার জন্য তখন আওয়ামী লীগের অনেক নেতা ওই সরকারের সঙ্গে আঁতাত করেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সে জন্য দুর্নীতির অভিযোগ আছে এবং জরুরি অবস্থার সময় বিতর্কিত ভূমিকা পালন করেছেন এমন নেতাদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম খ্যাতিমান ও নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন শেখ হাসিনা।নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠন অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। সব দেশেই হয়। প্রশ্ন হলো, যে নতুনদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছে, তাঁরা মন্ত্রী নিযুক্ত হওয়ার আগে নিজস্ব ক্ষেত্রে কতটা যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন? জনগণের মধ্যে তাঁদের সুনাম কেমন? তাঁদের জনসেবার রেকর্ড কতটা উজ্জ্বল? জনস্বার্থে তাঁদের ত্যাগের পরিমাণ কতটুকু?নতুন মন্ত্রীদের কারও কারও সম্পর্কে জনগণ অবগত ছিল, অধিকাংশের যোগ্যতা-দক্ষতা সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। সুতরাং তাঁদের যোগ্যতা-দক্ষতা প্রমাণের দায়িত্ব তাঁদের ওপরই বর্তায়। তবে যত যোগ্যতাই থাকুক, মন্ত্রীরা কোনো মন্ত্রবলে একা দেশ চালাতে পারেন না। আমলারা দক্ষ না হলে বিশ্বের যোগ্যতম মানুষটিও যদি মন্ত্রী হন, তিনি ভালো করতে পারবেন না। গত এক বছরের যে সমস্যা, তা অনভিজ্ঞ মন্ত্রী ও অদক্ষ আমলার সমন্বয়ে যে পরিস্থিতি হওয়া স্বাভাবিক, সেই সমস্যা। এ সমস্যা সহজে দূর হবে না। তবে দু-একজন ছাড়া মন্ত্রীদের কারও সম্পর্কে বড় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি।মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন উপদেষ্টার সংখ্যা বর্তমান সরকারে খুব বেশি। উপদেষ্টাদের কারও কারও সম্পর্কে ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে। কোনো কোনো উপদেষ্টার আচরণে মন্ত্রীরাও বিব্রত। এ অবস্থা সুশাসনের পথে কাঁটার মতো।গণতন্ত্রের মূল কেন্দ্র সংসদ। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২৫ জানুয়ারি—অষ্টম সংসদের শেষ অধিবেশনের সোয়া দুই বছর পর। গণতন্ত্রের পুনর্যাত্রায় নেতাদের যে উত্সাহ-উদ্দীপনা থাকার কথা, জনপ্রতিনিধিদের মধ্যে তার প্রকাশ ঘটেনি। উদ্বোধনী অধিবেশন নির্ধারিত সময়ের ১৮ মিনিট পরে বসে। কোরামের অভাব দেখা যায় প্রায় প্রতিটি অধিবেশনে।দুটি বছর বিতিকিচ্ছি জরুরি অবস্থা চলার পর মানুষের প্রত্যাশা ছিল সরকারি দল ও বিরোধী দল বিভেদমূলক পথ থেকে কিছুটা বেরিয়ে আসবে। একটি মোটামুটি কার্যকর সংসদ হবে। তা হলো না। অপ্রত্যাশিত বেশি আসন পেয়েও সরকারি দল উদারতার পরিচয় দিতে পারেনি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার প্রস্তাব ও প্রতিশ্রুতি ছিল। সরকারি দল তা দেয়নি। এর মধ্যে বিপত্তি ঘটে আসনবিন্যাস নিয়ে, বিরোধী দল সামনের সারিতে তাদের প্রত্যাশিত আসন না পাওয়ায় ২৮ জানুয়ারি ওয়াকআউট করে। ওয়াকআউট পর্যবসিত হয় সংসদ বর্জনে। এ এক সর্বনাশা সংসদীয় অপসংস্কৃতি। সরকারি দল একটি বিষয় অনুধাবন করেনি যে, বিরোধী দল আসন খুব কম পেলেও সরকারি জোট ও বিরোধী জোটের প্রাপ্ত ভোটের ব্যবধান বিশাল নয়। অর্থাত্ বিরোধী দলও দুই-পঞ্চমাংশ মানুষের প্রতিনিধিত্ব করে।প্রধান বিরোধী দল অনেকগুলো কারণ দেখিয়ে অভিমানবশত সংসদ বর্জন করছে। ওই কারণগুলো জনগণের স্বার্থসংশ্লিষ্ট নয়। খালেদা জিয়াকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদের নোটিশের ফয়সালা অন্যভাবে করা যেত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে, রাষ্ট্রের বেতন-ভাতা, গাড়ি-বাড়ি-টেলিফোন ও লাল পাসপোর্ট নিয়ে সংসদে না যাওয়া সম্পূর্ণ অনৈতিক ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এ কাজটি আওয়ামী লীগও আগে দুবার করেছে। বিএনপি আগে একবার করেছে। এ বছরটিতে সরকারি দল ও বিরোধী দলের উপস্থিতিতে প্রাণবন্ত সংসদ দেখা গেল না।এ বছরের সবচেয়ে নাটকীয় ঘটনা বিডিআরের তথাকথিত ‘বিদ্রোহ’। উন্মত্ততা আর বিদ্রোহ এক জিনিস নয়। পিলখানার পৈশাচিকতা যদি সুপরিকল্পিত ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে যারাই তার সংঘটক বা অন্যায় সাধনকারী হোক, তারা এক ঢিলে দুই পাখি মেরেছে। সেনাবাহিনী ও বিডিআর দুটিরই সর্বনাশ ঘটিয়েছে: সেনাবাহিনী হারায় তার বহু অফিসার, বিডিআরের ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। সেনাবাহিনীও দুর্বল হলো, বিডিআরও দুর্বলতর হলো।পিলখানার পৈশাচিকতা যেহেতু দিনদুপুরে শহরের মাঝখানে ঘটেছে এবং ফুটবল বা ক্রিকেট খেলার মতো ঘটনাটির ধারাবিবরণী প্রচার করা হয়েছে টিভি চ্যানেলগুলোয়, সুতরাং জনগণ নিজেরাই অনেক কিছু বুঝতে পেরেছে। এ সম্পর্কে জনগণ তাদের মতামত নিজেরাই গঠন করেছে। তাই এ বিষয়ে কোনো সরকারি প্রেসনোট জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। বিডিআরের বর্বরতার পরে সরকারের দিক থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে এবং যে হারে বিডিআর সদস্য কাস্টডিতে মারা গেছেন এবং প্রতিদিন মারা যাচ্ছেন, তাতে বিষয়টি হয়ে উঠেছে আরও রহস্যময়। পিলখানার ঘটনার কারণেও ২০০৯ চিরস্মরণীয় হয়ে থাকবে।এ বছরের একটি উল্লেখযোগ্য ঘটনা বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার-প্রক্রিয়া শেষ করা। যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি মহাজোটের বহুদিনের। এ ব্যাপারে কাজ শুরু হয়েছে। বিষয়টি স্পর্শকাতর, সম্ভবত সরকার ভেবেচিন্তেই কাজ করছে।অতীতের সব সরকারই একটি করে শিক্ষানীতি তৈরি করেছে এবং বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান সরকারও অতিদ্রুত একটি শিক্ষানীতি প্রণয়নে হাত দেয়। অতীতের সব শিক্ষানীতির মতো এ বছরের সেক্যুলার শিক্ষানীতিও মাদ্রাসাশিক্ষাকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও ধর্মপন্থীরা এই শিক্ষানীতির বিরোধিতায় নেমে পড়েছে। সরকার আপসের পথই বেছে নিয়েছে। ধারণা করা যায়, শেষ পর্যন্ত এই শিক্ষানীতি দ্বারাও মাদ্রাসাপন্থীরাই বেশি উপকৃত হবে। সরকার বুঝতে পারেনি যে জাতীয় নীতির ভেতরেরই একটি অংশ শিক্ষানীতি—শিক্ষানীতি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। অসাম্প্রদায়িক উদার রাজনীতি ছাড়া অসাম্প্রদায়িক শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব নয়।বিরোধী দলের কোনো রকম তত্পরতা নেই। এর মধ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি সমুদ্রবক্ষে বিদেশি কোম্পানির কাছে ব্লক ইজারা দেওয়ার প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করে। বিদেশি কোম্পানির সঙ্গে সরকারি দল ও বিরোধী দল উভয়েরই সমান সুসম্পর্ক। ওয়ার্কার্স পার্টি-সাম্যবাদী দল ছাড়া বাম দলগুলো হরতালের সমর্থন দিলেও প্রধান বিরোধী দল নীরব থাকে। তবে এক বছরের মধ্যে সরকার তেল-গ্যাস ও কয়লা উত্তোলন প্রশ্নে তার অবস্থান স্পষ্ট করতে পারেনি।উপজেলা নির্বাচন হয়েছে, কিন্তু উপজেলা পরিষদ কোনো কাজ করতে পারছে না। সে ক্ষেত্রেও সরকারের অবস্থান স্পষ্ট নয়। উপজেলা চেয়ারম্যানরা স্বাধীনভাবে কাজ করতে চান, সাংসদদের খবরদারি মানতে অনিচ্ছুক। সরকার সিদ্ধান্তহীনতায় রয়েছে। ক্রসফায়ার অপ্রতিহত গতিতে চলছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে ক্রসফায়ার বলতে কিছু নেই। আইনমন্ত্রী যতটা সংযত, আইন প্রতিমন্ত্রী ততটাই অসংযত। ওই মন্ত্রণালয় জন্ম দিয়েছে নানা বিতর্কের। বিচার বিভাগ যে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, তা গত এক বছরে প্রমাণিত হয়নি। সাজাপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়া নিয়ে যা ঘটেছে, তা আদৌ সমর্থনযোগ্য নয়। প্রশাসনে সাংঘাতিক দলীয়করণের অভিযোগ অস্বীকার করা যাবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকার ভারসাম্যমূলক নীতি গ্রহণ করেছে।মহাজোট সরকার এমন একটি সময় ক্ষমতা গ্রহণ করে, যখন দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি তাদের অনুকূলে। অর্থাত্ সরকারের জন্য বাস্তব অবস্থা বা অবজেকটিভ কন্ডিশন বেশ ভালো। কিন্তু সাবজেকটিভ কন্ডিশন বা আত্মগত অবস্থা অর্থাত্ সরকারের ভেতরের দুর্বলতা যথেষ্ট। বিচক্ষণতা ও দূরদর্শিতা দিয়ে সেই দুর্বলতা কাটিয়ে না উঠলে শেষ পরিণতি সম্পর্কে সংশয় থেকে যায়।জনগণের কাতার থেকে আমরা আশা করব, ২০০৯-এর ভুল ও ব্যর্থতা ২০১০-এ কাটিয়ে ওঠা সম্ভব হবে। নতুন বছরে সরকার পুরোনো বছরের ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং আরও দক্ষতার পরিচয় দেবে। বিরোধী দল ভালো কাজে সরকারকে সহায়তা দেবে এবং জনবিরোধী কাজের বিরোধিতা করবে। নতুন বছরটি সরকারি দল ও বিরোধী দল—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীসহ সব মানুষের জন্য শুভ ও কল্যাণকর হোক। বাংলাদেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন সফল হোক।