আশা-নিরাশার মাঝে হাওরের কৃষক
‘তিন দিন ধরি হাওরের বাঁধে আছি। পানি তো কমে না, খালি বাড়ে। পানি একটু বাড়ে, আমরাও বাঁধে একটু মাটি দিই। আর কত উঁচা করমু। মন ভাঙি গিছে।’ গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মোল্লারপাড় হাওরে মহাসিং নদের ডাবর এলাকার বাঁধে দাঁড়িয়ে হতাশার সুরে কথাগুলো বলেন স্থানীয় রনসি গ্রামের কৃষক তোরণ মিয়া (৫০)। তাঁর পাশে দাঁড়ানো কুদিরাই গ্রামের কৃষক অজুদ আলী, মাহমুদপুরের ইলিয়াছ মিয়া ও সামসুদ্দিনের মুখেও রাজ্যের হতাশা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সব কটি হাওরের ফসল রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। সুরমা নদী ও হাওরে পানি বেড়ে যাচ্ছে। গতকাল বেলা দুইটায় হাওরের পানি বিপত্সীমার ১৩৬ সেন্টিমিটার ওপরে ছিল। সুরমা নদীর পানিও বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গত ছয় দিনে জেলার বিভিন্ন হাওরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্রায় ৫০ হাজার একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এর জন্য কৃষকেরা বাঁধ নির্মাণে পাউবোর গাফিলতি ও অনিয়মকেই দায়ী করেছেন। আর পাউবো কর্মকর্তারা বলছেন, তাঁদের কোনো ত্রুটি নেই। কাজ শেষ হওয়ার আগেই ঢল চলে এসেছে। সুনামগঞ্জে এবার এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লাখ ৩৪ হাজার ৬১৬ মেট্রিক টন। আর এই ফসল রক্ষার জন্য পাউবো জেলার ৩৭টি ছোট-বড় হাওরে ১৩১ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত ও নির্মাণ করছে। এর জন্য সরকারি বরাদ্দ আছে ১২ কোটি ৮০ লাখ টাকা। ৩১ মার্চ পর্যন্ত ছিল কাজের মেয়াদ। এ সময় অর্ধেক কাজও শেষ না হওয়ায় পরে সময় আরও ১৫ দিন বাড়ানো হয়। এদিকে গত মঙ্গলবার রাতে বাঁধ ভেঙে জেলার ধরমপাশা উপজেলার গুরমার হাওরে, গতকাল সকালে সদর উপজেলার কানলার হাওর, দেখার হাওর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গুড়াডোবা হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। সব হাওরেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয় কৃষকেরা। মোল্লারপাড় হাওরের বাঁধের পাশে দাঁড়িয়ে পার্শ্ববর্তী মাহমুদপুর ও পাঁচগাঁও গ্রামের কয়েকজন কৃষক জানান, হাওরটি মহাসিং নদের তীরে অবস্থিত। নদীর তীরে কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ দিয়েছে পাউবো। কিন্তু ঢলের পানি বেড়ে নদী একেবারে কানায় কানায় ভরে গেছে। এই হাওরে ১৫টি গ্রামের মানুষের ফসল আছে। সদর উপজেলার কানলার হাওরপারের রঙ্গারচর গ্রামের বাসিন্দা আলীম উদ্দিন ও মাসুক উদ্দিন জানান, তাঁদের হাওরের পুরোটাই এখন পানির নিচে। আলীম উদ্দিন বলেন, এলাকায় এবার মানুষের ঘরে ঘরে অভাব দেখা দেবে। এই ফসলই ছিল মানুষের একমাত্র সম্বল।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবার অসময়ে ঢলের পানি চলে আসার কারণেই হাওরে এই ফসলডুবির ঘটনা ঘটছে। তবে বাঁধ রক্ষায় সবাই কাজ করছে। বালুর বস্তা, বাঁশ, চাটাইসহ নানা কিছু দিয়ে আমরাও প্রাণপণ চেষ্টা করছি।’