আশা-নিরাশায় দুলছে মিসরীয়রা
আগামী মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা। এ পর্যন্ত মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এককভাবে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মুরসি ২৬ শতাংশ এবং শফিক ২৪ শতাংশ ভোট পেয়েছেন। এই ফলাফলে যথেষ্ট খুশি মোহাম্মদ মুরসি ও আহমেদ শফিক। মোহাম্মদ মুরসি আশা প্রকাশ করে বলেছেন, মিসরের বিপ্লব তাদের হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারেনি। এদিকে আহমেদ শফিকও আশাবাদী। তিনি বলেন, মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে সরকার গঠন করা হলেও তাদের সঙ্গে চলতে কোনো অসুবিধা নেই। তবে প্রার্থীদের মধ্যে উদ্বেগ না থাকলেও নির্বাচনের এই ফলাফলে মিসরীয়রা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। শফিকের জয়ে মিসরে পরিবর্তন ও সংস্কারের ছোঁয়া আসবে—এমনটা ভেবে অনেকেই আশাবাদী, সেই সঙ্গে শঙ্কাও রয়েছে। ব্রাদারহুড ক্ষমতায় থাকলে মিসরের কাঙ্ক্ষিত পরিবর্তন বা সংস্কার আদৌ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে শঙ্কিত অনেকে।ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তা এলিজা জারওয়ান মনে করেন, জনগণের সমর্থন ও প্রত্যাশা পূরণ করতে ব্রাদারহুডকে এখন অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এদিকে পরিবর্তন আনতে ধীরগতি ও সামরিক শাসনের প্রভাব থাকায় মিসরে ব্রাদারহুড বরাবরই অন্য রাজনৈতিক দলের তুলনায় অনেকটা কোণঠাসা। এই সমালোচনা এড়াতে ব্রাদারহুড নতুন পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার ব্রাদারহুডের কর্মকর্তা ইয়াসের আলী জানান, তাঁরা বামপন্থী দলের প্রার্থী হামদিন সাবাহি, স্বতন্ত্র ইসলামপন্থী দলের প্রার্থী আবদেল মনিমের সঙ্গে আলোচনায় বসবেন। ভাইস প্রেসিডেন্টের পদ ও জোট সরকার গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হবে।গত ২৩ ও ২৪ মে দুই দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ করা হয়। মোট ১৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফার ভোট হবে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মধ্যে। এর মধ্যে মুরসি কট্টর ইসলামী ভাবাদর্শ এবং শফিক ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী।