আশা ভোঁসলের নাতনির সংগীতে অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তাঁদের পরিবারে সতত বহমান। আশা ভোঁসলে, লতা মুঙ্গেশকর; উপমহাদেশ ছাড়িয়ে আজ যাঁদের নাম বিশ্বের শ্রেষ্ঠ সমকালীন সংগীতশিল্পীদের তালিকা শীর্ষে। সম্প্রতি আশা ভোঁসলের ১০ বছর বয়সী নাতনি জানায়ার সংগীতে অভিষেক হয়েছে সমীর ট্যান্ডনের লেখা গানে। ‘সালামি হো জায়ে’ নামের এই সংগীত উদ্যোগটি মূলত সংগীতের পাইরেসি বন্ধে গৃহীত। এক খবরে এমনটিই জানিয়েছে টিএনএন। নাতনির সংগীত প্রবেশ প্রসঙ্গে আশা ভোঁসলে সন্তোষই প্রকাশ করেছেন। নাতনি জানায়ার সম্পর্কে তিনি যে আশাবাদী সে বিষয়টিও আশা অভিব্যক্তিতে ফুটে উঠেছে। নাতনি জানায়ার সংগীত অভিষেক প্রসঙ্গে আশা ভোঁসলে বলেছেন, ‘আমি জানি সংগীতে আমাদের যে পারিবারিক ঐতিহ্য রয়েছে সে তা সমুন্নত রাখবে। আমি আনন্দিত যে সে সমীরের জন্য গান গেয়েছে।’নিজের সম্পর্কে আশা ভোঁসলের ১০ বছর বয়সী নাতনি জানায়া জানিয়েছেন, ‘আমি সংগীত ভালোবাসি, সংগীতের তালিম আমার গুরু আর আশা আয়ির কাছে নিয়েছি আমি।’ সমীর ট্যান্ডনের সঙ্গে গানের অভিজ্ঞতা প্রসঙ্গে জানায়া বলেছেন, তাঁর সঙ্গে গানের রেকর্ডিংয়ের অভিজ্ঞতাটি ছিল আনন্দের। আশা ভোঁসলে যে বয়সে তাঁর পেশাদারি সংগীত জীবন শুরু করেছিলেন, আশা ভোঁসলের নাতনি জানায়া সে জীবন শুরু করলেন তাঁরও ঢের আগে। এটাই স্বাভাবিক নয় কি! শত হলেও আশা ভোঁসলের নাতনি। এখন অপেক্ষার পালা সংগীত ভক্তদের; জানায়া ভবিষ্যতে আশা, লতার আলোকিত গৌরবময় পথে কতটা এগোতে পারবেন সে উত্তর একমাত্র সময়ই বলবে।