আশা ভোঁসলের মেয়ে বর্ষার আত্মহত্যা
উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মেয়ে বর্ষা ভোঁসলে আজ সোমবার দুপুর সোয়া বারোটার দিকে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের পেডার রোডে নিজ ভবনে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের গুলিতে বর্ষার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে নিজেকে হত্যা করেন বর্ষা। দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বর্ষা। তবে এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে ভারতীয় একটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়েছে, বর্ষা মুম্বাইয়ের প্রভুকুঞ্জে মায়ের সঙ্গে থাকতেন। সেখানেই আজ দুপুরে আত্মহত্যা করেছেন তিনি। সে সময় বাড়িতে ছিলেন না আশা। তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বাইয়ের পথে যাত্রা করেছেন আশা।আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনো মুখ খোলেনি বর্ষার পরিবার। তবে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন বর্ষা। গতকাল সন্ধ্যা থেকে দারুণ মনমরা অবস্থায় দেখা গেছে তাঁকে। প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বর্ষা। বছর দুয়েক পর ২০১০ সালেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। লেখক হেমন্ত কিঙ্করকে বিয়ে করেছিলেন বর্ষা। তবে তাঁদের সেই বিয়ে টেকেনি। আশা ভোঁসলের তিন সন্তানের মধ্যে বর্ষা ছিলেন দ্বিতীয়। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি কয়েকটি হিন্দি ও মারাঠি ছবিতে প্লেব্যাকও করেছেন। দ্য সানডে অবজারভার ও রেডিফ পত্রিকায় কলাম লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষা। চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি আশার সঙ্গে মঞ্চেও গান গাইতে দেখা গেছে বর্ষাকে।