আশা ভোঁসলের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য সময় পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার সকালে। কিন্তু হঠাৎ করেই সময়টা পাল্টালেন তিনি। কথা বলবেন বুধবার রাতেই। সময় আধঘণ্টা। হোটেল ওয়েস্টিনে, তাঁর রুমে। জানা গেল, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনি উপবাস করেন। শুক্রবার সন্ধ্যায় যেহেতু গান করবেন, তার আগে অন্তত পুরো একটা দিন বিশ্রাম নিতে চান। উপবাসের সময় প্রয়োজন না হলে কম কথা বলেন। সকালে শুধু সংবাদ সম্মেলনে অংশ নেবেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তৈরি হয়ে গেছেন। রুমে আলো আছে, তবে খুব বেশি নয়। এক কোণে সোফায় বসে আছেন আশা। বয়স ৭৯। ঘণ্টা দুয়েক আগে দুবাই থেকে বিমানে ঢাকায় এসেছেন। দীর্ঘ যাত্রা। কিন্তু চোখেমুখে ক্লান্তির কোনো ছাপ নেই। দুই হাত বুকের কাছে এনে অভিবাদন জানালেন। তাঁর পাশে গিয়ে বসার জন্য অনুরোধ করলেন।বললাম, ‘আপনি এ দেশের বউ, কথা বলব বাংলায়।’ আর আশা বললেন, ‘আপনি বাংলায় বলুন, আমি কিন্তু জবাব দেব হিন্দিতে। বাংলা বলতে ভয় লাগে। তবে আমি বাংলা বুঝি।’আপনি তো অনেক বাংলা গান গেয়েছেন।গান গাওয়া আর কথা বলা এক নয়।আবারও শচীন দেববর্মনের প্রসঙ্গ। তবে এবার আশা নিজেই শুরু করলেন, ‘১৯৭১ সালের একটা ঘটনার কথা বলি। সেদিন পাকিস্তান বাংলাদেশে সারেন্ডার করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই খবর পাওয়ার পর সেদিন রাতে বর্মন সাহেব তাঁর বাসায় বড় পার্টির আয়োজন করেন। তাঁর বাঙালি বন্ধু আর পরিচিতজনদের আমন্ত্রণ জানালেন। এত খুশি হয়েছিলেন, বারবার বলছিলেন, ‘আমার দেশ মুক্ত হয়েছে। পাকিস্তান ভেগে গেছে।’ আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন—‘মায়ি’। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহী হলেন কেন?গান করেছি। টিভিতে কাজ করেছি। মিউজিক ভিডিও করেছি। একটা কাজই বাকি ছিল—চলচ্চিত্রে অভিনয়। এবার এই ইচ্ছাটাও পূর্ণ হলো। ছবির কাজ শেষ, মন ভরে গেছে। এখন প্রিন্ট রেডি হচ্ছে। শুনেছি, এ বছরই রিলিজ দেবে। সম্প্রতি সর্বাধিক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আপনার নাম যুক্ত হয়েছে। এ পর্যন্ত কতগুলো গান গেয়েছেন? হিসাব রাখিনি। ছয় বছর আগে একটা হিসাব থেকে জেনেছি, ১২ হাজার গান গেয়েছি। কিছু বেশিও হতে পারে।এত গান কীভাবে গাইলেন?আমি জানি না। শুধু জানি, রাত-দিন, দিন-রাত শুধু গানই গেয়েছি। প্রতিদিন তিনটা, চারটা, পাঁচটা গান। এক স্টুডিও থেকে ছুটেছি অন্য স্টুডিওতে। কখনো একই স্টুডিওতে পর পর একাধিক সংগীত পরিচালকের সঙ্গে গান করেছি।আপনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। কোন পুরস্কারটি পেলে আরও বেশি খুশি হতেন? সত্যিই আমি আর পুরস্কার চাই না। আমার গানের যে শ্রোতারা আছেন, সারা বিশ্বে, তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটা অনেক বড় পুরস্কার। আপনারা আমার গান যদি শুনতে আসেন, সেটাই আমার পুরস্কার। কনসার্টে গাওয়ার সময় মানুষের যে ভালোবাসা দেখি, তা আমাকে আরও গান গাওয়ার অনুপ্রেরণা দেয়।আপনি তো অনেকের সঙ্গে গান করেছেন। কাদের সঙ্গে কাজ করে নিজে মুগ্ধ হয়েছেন?শচীন দেববর্মন আমাকে শিখিয়েছিলেন গান কীভাবে গাইতে হয়, কীভাবে প্লেব্যাক করতে হয়। কীভাবে ইমপ্রোভাইজ করতে হয়। আর পঞ্চম (রাহুল দেববর্মন) শিখিয়েছে নতুন নতুন সুর, রিদম, স্টাইল। কঠিন কঠিন গান কেমন করে যেন তখন গেয়ে ফেলেছি। তখন তো গানের সঙ্গে নানা ধরনের ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র ব্যবহার হতো। পঞ্চম নতুন নতুন বাদ্যযন্ত্র ব্যবহার শুরু করে। অনেকেই এগুলো পছন্দ করেননি। ওর সমালোচনা করেছেন। আমারও সমালোচনা করেছে—আমি কেন গাইছি। আমি তাতে কান দিইনি। কাজ করে গেছি।কোন শিল্পীর সঙ্গে গান গেয়ে ভালো লেগেছে?মোহাম্মদ রফির সঙ্গে ৯০০ গান গেয়েছি। তিনি চুপচাপ থাকতেন। গানের বাইরে খুব বেশি কথা হতো না। কিন্তু কিশোর কুমারের সঙ্গে গান মানেই সেদিন অনেক আড্ডা হতো। আমি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের দারুণ ভক্ত। আমার যখন ছেলে হলো, তার নাম রেখেছি হেমন্ত। আইটেম গান গাওয়ার ব্যাপারে আগ্রহী হলেন কেন?এ ধরনের গান না গাইলে আমাকে তখন না খেয়ে মরতে হতো। কাজ যদি না করি, কে আমাকে খাবার দেবে। আমার তিন বাচ্চা, আমি। একসময় তো আমাদের পাশে কেউ ছিল না। আর আমি কারও কাছে হাত পাততে পারি না। এমনকি বোনের কাছেও না। যদি পয়সা রোজগার করতে হয়, তাহলে সব ধরনের গানই গাইতে হবে। টুইটার ব্যবহারের প্রতি আগ্রহী হলেন কেন? ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য এটা একেবারে নতুন প্রযুক্তি। সবার কথা জানা যায়। এ সময়ের ছেলেমেয়েদের রুচিটা বোঝা যায়। নিজের কথাগুলো সবার কাছে পৌঁছাতে পারি। টুইটারের জন্য আমার ছোট ছেলে আনন্দের সহযোগিতা নিই। আনন্দকে বলে দিই। ও লেখে। এভাবেই জবাব দিই। আমি তো পুরোনো মানুষ, তার পরও চেষ্টা করছি।আপনি নিজে ভালো রান্না করেন। বাঙালি কোন খাবারটি বেশি পছন্দ করেন? কলকাতার নতুন গুড়ের পায়েস, টমেটোর ভর্তা, সরষে বাটা দিয়ে পারশে ও ইলিশ মাছ খুব ভালো লাগে। আমার রান্না করা খাবার পঞ্চম খুব পছন্দ করত। আর বলত, তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয়। কারণ তুমি অনেক ভালো রান্না করো। ওর পছন্দ ছিল বড় চিংড়ি মাছের কাটলেট, চিংড়ির মালাইকারি, বিরিয়ানি, শামি কাবাব।নিজে ভালো রান্না করেন বলেই কি রেস্টুরেন্ট ব্যবসার দিকে ঝুঁকেছেন?তা কিছুটা বলতে পারেন। এরই মধ্যে দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন, লন্ডন, কায়রোতে রেস্টুরেন্ট খুলেছি। আমার ছেলে বলল, তুমি খাবার দারুণ রান্না করো, রান্নার ওপর একটি বই লিখো। আমি বললাম, কে এই বই কিনবে আর বই দেখে দেখে রান্না করবে। তার চেয়ে বরং রেস্টুরেন্ট ব্যবসা শুরু করি। সেখানে আমার পছন্দের ডিশগুলো রাখব। কিন্তু এখানে আরেকটি ঝামেলা হলো, আমি যেসব খাবার রান্না করি, তা বাবুর্চি জানে না। পরে বাধ্য হয়ে শেফদের প্রশিক্ষণ দিয়েছি। শেফের পোশাক পরে নিজেও সেদিন শেফ হয়ে গিয়েছিলাম।আপনার আত্মজীবনী লেখার কাজ কত দূর এগিয়েছে?লিখছি। যখন সময় পাই, তখনই লিখি। আগামী বছর দেড়েকের মধ্যে তা বই আকারে বাজারে আসবে। এখানে আমার পুরো জীবনের একটা চিত্র পাওয়া যাবে।আপনি অনেক দিন বাংলা গান করছেন না। এখন আর তেমন ভালো কথা কিংবা ভালো সুর পাই না। তাই ইচ্ছাও হয় না। এ সময় রুমে আসে আশা ভোঁসলের জন্য রাতের খাবার। ওই রাতে আশা কী খাবেন?—খুব জানতে ইচ্ছা করছিল। আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘এটার্নাল আশা, লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ম্যাকমের নির্বাহী কর্মকর্তা রাবেত খান জানান, খাবারের মেন্যুতে আছে সাদা ভাত, সবজি, ডাল আর সালাদ। আর সবকিছুই পরিমাণে কম। আশা ভোঁসলে রাতের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিদায় নিতে হবে। আবারও দুই হাত বুকের কাছে এনে বিদায় জানালেন তিনি।