আশা ভোঁসলের সঙ্গে এক ঘণ্টা
৮ নভেম্বর বেলা ১১টায় আশা ভোঁসলের সঙ্গে কথা বলতে ১০ মিনিটের জন্য সময় পেয়েছিলেন সামিনা চৌধুরী। কিন্তু আশা ভোঁসলের সঙ্গে পুরো এক ঘণ্টা সময় কাটিয়ে এলেন। এ সময় নিজের ও আশা ভোঁসলের গান গেয়েছেন সামিনা, গান নিয়ে তাঁরা কথা বলেছেন। নিজের গান সামিনার কণ্ঠে শুনে মুগ্ধ হয়েছেন আশা। একটু মজা করার জন্য নিজের একটু কঠিন গান গাইতে বললেন আশা। সামিনা সেটাও শোনালেন। আশা ভোঁসলের মুগ্ধতা আরও বেড়ে গেল। মুম্বাইয়ে জুহু বিচের কাছে আশা ভোঁসলের ফ্ল্যাটে তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা এভাবেই জানালেন সামিনা চৌধুরী। সামিনা জানান, কথা ছিল গীতিকার জুলফিকার রাসেলের লেখা চারটি গান করবেন আশা ভোঁসলে, আর একই অ্যালবামে বাকি চারটি গান করবেন সামিনা চৌধুরী। আলোচনা চূড়ান্ত হয়েছিল আগেই। গানগুলোর সুর করেছেন জয় সরকার। আর বেশির ভাগ কাজই হবে মুম্বাইতে। এই অ্যালবামের কাজের জন্য ৭ নভেম্বর মুম্বাই যান সামিনা চৌধুরী, সঙ্গে ছিলেন জুলফিকার রাসেল।অসুস্থতার জন্য শেষ পর্যন্ত আশা ভোঁসলে আর গান গাইতে পারেননি। কিন্তু সামিনার আবদার রাখতে ভোলেননি। ৮ নভেম্বর ১০ মিনিটের জন্য সময় দিলেন। সামিনা বললেন, ‘আশাজি আমাকে তাঁর পাশের চেয়ারে বসতে বললেন। আমি বসলাম মাটিতে, তাঁর পায়ের কাছে। ওই সময়টুকুর অনুভূতির কথা বলে বোঝাতে পারব না। আমার সংগীতজীবনের শুরুটা হয়েছিল কিন্তু আশাজির গান গেয়ে গেয়েই। ওই দিন তাঁর গাওয়া অনেকগুলো গান শোনালাম। তিনি আমার গানও শুনতে চাইলেন। শেষে আমার মাথায় হাত রেখে দোয়া করলেন। আশাজির সঙ্গে দেখা করব, তাঁকে সামনে বসে গান শোনাব—সংগীতজীবনের শুরু থেকে এই স্বপ্ন দেখছি। এবার তা পূরণ হলো। ধন্য হলো আমার সুরের জীবন।’