জয়া-কালু জুটির কি তাহলে পুনর্জন্ম হলো!মিল তো আছেই। বাঁহাতি-ডানহাতি জোড়। একজন উইকেটকিপার-ব্যাটসম্যান। অন্যজন স্পিন বোলিং করেন। দুজনই মিডল-অর্ডার থেকে উঠে এসেছেন ওপেনিংয়ে। আসল মিল তো ব্যাটিং-মন্ত্রে। ওয়ানডেতে নতুন বলটা আর কিছুই নয়, শুধুই মেরে ছাতু বানিয়ে ফেলার জিনিস—সনাৎ জয়াসুরিয়া ও রমেশ কালুভিতারানার মতো তিলকরত্নে দিলশান ও কুশাল পেরেরাও মনে হচ্ছে এই মতবাদে বিশ্বাসী।গত পরশু বাংলাদেশের ২৫৯ রান যে এক ফুৎকারে উড়ে গেল, সেটি তো এই দুজনের বিধ্বংসী ওপেনিং জুটির কারণেই। ৪.১ ওভারেই শ্রীলঙ্কার ফিফটি, ১০টি চার। ত্রয়োদশ ওভারের প্রথম বলে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে তুলে দিয়েছেন ১০৬। ১৯৯৫-৯৬ অস্ট্রেলিয়া সফরে একদিন সকালে শ্রীলঙ্কা দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক দিলীপ মেন্ডিস কোচ ডেভ হোয়াটমোরকে বলেন, কালু যেভাবে তুলে তুলে মারে, ওকে ওপেনিংয়ে জয়াসুরিয়ার সঙ্গে জুড়ে দিলে কেমন হয়! হোয়াটমোর মাথা ঝোঁকান। ওয়ানডে ক্রিকেটে শুরু হয় নতুন বিপ্লব। কী আশ্চর্য, এত দিন পর আবার সেই স্মৃতি ফিরিয়ে আনায় ওই জুটির একজনেরই বড় ভূমিকা! কুশাল পেরেরাকে দিয়ে ওপেন করানোর চিন্তাটা নাকি এসেছে প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার মাথা থেকেই।‘নতুন জয়াসুরিয়া’ বলে ডাকা হচ্ছে কুশাল পেরেরাকে। সেটি বাঁহাতি ও ব্যাটিংয়ে মিলের কারণে। মিল আছে কালুভিতারানার সঙ্গেও—তিনিও উইকেটকিপার-ব্যাটসম্যান। এই সিরিজে যদিও শুধুই ওপেনারের ভূমিকায়। যদি না সাঙ্গাকারা আবার উইকেটকিপিং গ্লাভস খুলে রাখার সিদ্ধান্ত নেন।বাংলাদেশের ভাঙাচোরা দলে সর্বশেষ আঘাত তামিম ইকবালের বিদায়। ইনিংসের শুরুতে যাঁর ‘জয়াসুরিয়া’ হওয়ার ক্ষমতা আছে। তুলনাটা আসলেই হয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওই স্পর্ধিত ইনিংসটি খেলার সময় বিস্মিত ভারতীয় সাংবাদিকেরা বলছিলেন, ‘এ তো আরেক জয়াসুরিয়া রে!’ প্রায় তিন বছর পর সেঞ্চুরি করেই সেই তামিমের ছিটকে পড়া বাংলাদেশের ব্যাটিংকে এক ধাক্কায় অর্ধেক বানিয়ে ফেলেছে। সেটিকে ছাপিয়েও আজ দ্বিতীয় ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে শ্রীলঙ্কার দুই ওপেনার।রুবেল হোসেন সর্বশেষ কবে প্রথম ওভারেই এমন অপদস্থ হয়েছিলেন, সেটি মনে করতে পারলেন না। ১৯ রানের ওই ওভারটিই ঠিক করে দিয়েছে শ্রীলঙ্কান ইনিংসের গতিপথ। এরপর যেটি চলতেই লাগল তুফান বেগে। ঠিক জায়গায় বল করতে পারেননি বলে মেনে নিচ্ছেন, তবে সঙ্গে রুবেল এটাও মনে করিয়ে দিচ্ছেন, ‘ওরা কিন্তু ভালো বলেও মেরেছে।’ ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কথাতেও এরই সমর্থন, ‘ওরা দুজন, বিশেষ করে দিলশান যেভাবে ব্যাটিং করেছে, তাতে যেকোনো আক্রমণই ছত্রখান হয়ে যেত।’তবে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করলে দিলশান ওই তাণ্ডব চালাতে পারতেন কি না, এটা নিয়ে সংশয় আছে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমের ধারণা ছিল, হাম্বানটোটায় রাতের বেলায় বল এদিক-ওদিক করবে। টসে জিতে শ্রীলঙ্কার পরে ব্যাটিং করার সিদ্ধান্তটা তাই একটু বিস্ময়ই জাগিয়েছিল। যে বিস্ময়ের উত্তর পাওয়া গেল শিশিরে।এই মাঠ শ্রীলঙ্কার খুব ভালো চেনা। শিশির পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে যে উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো হয়ে যায়, এটি তাই তাদের অজানা ছিল না। ফ্লাডলাইড বিপত্তিতে শ্রীলঙ্কার ইনিংসের শুরুকে ঘণ্টা দেড়েক বেশি ভিজেছে উইকেট। বল তাই এত ভালো ব্যাটে আসছিল যে আবদুর রাজ্জাকের মনে হচ্ছে, তিন শ-সাড়ে তিন শ করলেও শ্রীলঙ্কাকে ঠেকানো যেত কি না সন্দেহ। তা-ই যদি হয়, তাহলে তো আজও বাংলাদেশের কোনো সুযোগ নেই। রাজ্জাক ক্রিকেটের সেই চিরন্তন কথাটা মনে করিয়ে দিলেন, ‘শুরুতেই উইকেট তুলে নিতে পারলে এত সহজ হবে না।’কিন্তু শুরুতেই সেই উইকেটটা তুলবে কে? কাল দুপুর দলের পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে অনুশীলনে যাচ্ছিলেন কোচ শেন জার্গেনসন। ব্যাটিংয়ের চেয়ে বোলিং, বিশেষ করে পেস বোলিং নিয়ে কাজ করাই কি বেশি জরুরি ছিল না? টিম হোটেলের সামনে বাসে উঠতে উঠতে জার্গেনসন মনে করিয়ে দিলেন, শ্রীলঙ্কার প্রচণ্ড গরমে পেসারদের ওপর দিয়ে কী ধকলটা যাচ্ছে! রুবেল ও হাসানের জন্য প্রথম ম্যাচটাকে দেখছেন ‘লার্নিং প্রসেস’ হিসেবে। সেই ‘শিক্ষা’ দ্বিতীয় ম্যাচে অন্য কিছুর আশায় রেখেছে তাঁকে। হীনবল এই দল নিয়ে বাকি দুটি ম্যাচের একটিও কি জেতা সম্ভব—এই প্রশ্নে জার্গেনসন আঁকড়ে ধরলেন ওই আশাকেই, ‘আশা তো করতেই হবে।’আশা, একমাত্র আশাই আসলে এই সিরিজে এখন বাংলাদেশ দলের একমাত্র অবলম্বন!