আশাবাদী কলিংউড
ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে খেলবে, সেমিফাইনাল খেলবে, খেলবে ফাইনালও। সবচেয়ে বড় আকর্ষণ, ২ এপ্রিল মুম্বাইয়ে ট্রফিটাও উঁচিয়ে ধরবেন অ্যান্ড্রু স্ট্রাউসরা!পাঁচ খেলায় মাত্র ৫ পয়েন্ট নিয়ে ইংলিশদের পক্ষে এই মুহূর্তে মুম্বাই পর্যন্ত যাওয়াটা অনেক দূরের পথ মনে হতে পারে। কিন্তু একজন আছেন, যিনি এটাকে হাতের মোয়া বলেই মনে করছেন! পল কলিংউড। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেছেন, আর মাত্র চারটি ম্যাচ, এর পরই ট্রফিটা উঁচিয়ে ধরবে ইংল্যান্ড।আয়ারল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে ৪ পয়েন্ট খোয়া গেছে। ড্র করে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি। জয় বলতে কষ্টে-সৃষ্টে দক্ষিণ আফ্রিকা ও পুঁচকে হল্যান্ডের সঙ্গে। গতকাল পর্যন্ত পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান ছিল চারে।‘বি’ গ্রুপের যা জটিল অবস্থা, তাতে এখনো কেউ কাগজে-কলমে নকআউট পর্বটা নিশ্চিত করতে পারেনি। ইংল্যান্ডের সামনে একটাই দরজা। ১৭ মার্চ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে। বি গ্রুপের সমীকরণ বলছে, এই ম্যাচ জিতলে নকআউট পর্বে চলে যাবে ইংলিশরা। হারলে বিশ্বকাপই শেষ। সে ক্ষেত্রে এমনও হতে পারে, বাংলাদেশ হল্যান্ডের সঙ্গে কাল জিতে থাকলে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবরা জয়ের পথেই ছিল। তবে কলিংউডের কাছে ইংল্যান্ডের যাত্রা এখানেই শেষ নয়, তাঁদের চোখ ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে, ‘এ রকম সুযোগ আপনি যে সব সময় পাবেন, তা নয়। বিশ্বকাপ জিততে আর মাত্র চারটি ম্যাচই যথেষ্ট। আমাদের এই কটি ম্যাচই জিততে হবে। কীভাবে জিতব, আমাদের দৃষ্টি এখন সেদিকেই।’২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই রকম সমীকরণের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। বাদ পড়ে পড়ে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নই হয়ে যায়। ২০ ওভারের সেই বিশ্বকাপ থেকেই প্রেরণা খুঁজছেন কলিংউড, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা কোণঠাসা হয়ে পড়েছিলাম। কিন্তু আমরা হঠাৎ ছন্দ ফিরে পাই এবং ভালো করতে থাকি। শেষ পর্যন্ত বিশ্বকাপটাও জিতি। এবারও সে রকম কিছু একটা ঘটবে বলেই আমরা আশা করছি।’ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াইয়ের ওই ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশও। ১ পয়েন্ট বেশি নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবেন স্ট্রাউসরা। তবে ইংল্যান্ড ওই ম্যাচে জিতলেও বাংলাদেশের তখনো সবকিছু শেষ হয়ে যাবে না। কেননা ইংলিশদের গ্রুপ পর্বের সব কটি ম্যাচ শেষ হয়ে গেলেও বাংলাদেশের হাতে থাকবে আরও একটি ম্যাচ। ১৯ মার্চ ঢাকায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিবরা। নকআউট পর্বে যেতে তখন বাংলাদেশকে ওই ম্যাচে জিততেই হবে। হারলে কলিংউডের স্বপ্ন পূরণ হতে বাকি থাকবে একটি ম্যাচ কমে তিনটি ম্যাচ!