আশাবাদী ব্রিটিশ চিকিৎসকেরা
তালেবানের গুলিতে গুরুতর আহত পাকিস্তানের ১৪ বছর বয়সী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী ব্রিটিশ চিকিৎসকেরা। মালালাকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।এই হাসপাতালের চিকিৎসকেরা তার সেরে ওঠার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।হাসপাতালের মুখপাত্র বিবিসিকে জানান, চিকিৎসকেরা মালালার বেশ কিছু পরীক্ষা করেছেন। আজ তার অবস্থার উন্নতির ব্যাপারে খবর জানানো সম্ভব হবে বলে তিনি আশা করেন।কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক (চিকিৎসা) ডেভিড রজার বলেন, মালালার চিকিৎসার জন্য এ হাসপাতাল সবচেয়ে ভালো হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ব্রিটিশ সেনাবাহিনীতে যাঁরা আঘাতপ্রাপ্ত হন, তাঁদের চিকিৎসায় এই হাসপাতালের ১০ বছরের অভিজ্ঞতা আছে। মালালার আঘাতও তেমন ধরনের।মালালা সোয়াত উপত্যকায় গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়। এরপর তাকে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গতকাল ইসলামাবাদ থেকে যুক্তরাজ্যে নেওয়া হয়।মালালাকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হবে। তার মাথায় গুলি লেগে খুলির হাড় ভেঙে যায়। ওই আঘাতের জেরে স্নায়বিক যেকোনো রোগের ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য মালালাকে বিদেশে স্থানান্তরের জন্য পাকিস্তানি চিকিৎসকেরা পরামর্শ দেন।১৪ বছর বয়সী স্কুলছাত্রী মালালার প্রতি তালেবান নৃশংসতার ঘটনায় পাকিস্তানসহ সারা বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। নির্ভীক ওই কিশোরীর সুস্থতা নিশ্চিত করতে পাকিস্তান সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে বলে ঘোষণা দিয়েছে। হামলাকারী তালেবান জঙ্গিদের গ্রেপ্তারের বিনিময়ে এরই মধ্যে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, মালালার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল দেশের বাইরে। হামলাকারীদের শিগগিরই আটক করা হবে।বিবিসির উর্দু ব্লগে তালেবানবিরোধী বক্তব্য লিখে আলোচিত হওয়া মালালার সুস্থতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন স্থানে প্রার্থনার আয়োজন করা হয়। তালেবানের ওই হামলার নিন্দা জানিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল। তবে দেশটির ডানপন্থী ও রক্ষণশীল ধর্মভিত্তিক দলগুলো প্রকাশ্যে তালেবানের নিন্দা জানায়নি। গুলি করার বিষয়টি স্বীকার করে তালেবান জানায়, তাদের কর্মকাণ্ডবিরোধী তৎপরতার জন্য মালালার ওপর হামলা করা হয়েছে।