আশার আলোয় পদ্মা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা হতে যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়সহ সরকারের একাধিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। সূত্রগুলো জানায়, ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে একাধিক বৈঠকের পর বিশ্বব্যাংক বাতিল করা ঋণচুক্তি পুনর্বহাল করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে।গত রাতে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে গওহর রিজভী সাহেবের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফিরছে। তারা বিষয়টি এডিবি ও জাইকাকেও জানিয়েছে। এ ব্যাপারে আজ-কালের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে একটি বিবৃতি তৈরির কাজ চলছে। বিবৃতিতে এই ঋণচুক্তি নিয়ে এত দিনের টানাহেঁচড়ার ঘটনায় কোনো পক্ষকে দোষারোপ করা হবে না বলে জানা গেছে। এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও জানিয়েছেন, পদ্মা সেতুতে অর্থায়নের ঋণচুক্তি পুনর্বহালের বিষয়ে বিশ্বব্যাংক নীতিগতভাবে সম্মত হয়েছে। এ ছাড়া ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গতকাল ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনিও পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি পুনর্বহালের বিষয়ে ইতিবাচক ধারণা পেয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।গতকাল বিকেলে রাজধানীতে এক সেমিনার শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বব্যাংক থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আমরা আশা করছি। কিন্তু আমি কিছু বলব না এই মুহূর্তে। তারা (বিশ্বব্যাংক) আগে এ ব্যাপারে সিদ্ধান্ত দিক, তারপর আমরা আপনাদের জানাব।’ এর আগে দুপুরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, ‘বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে এখনো ইআরডিকে কিছুই জানায়নি। কোনো খবর থাকলে অর্থমন্ত্রী জানাবেন।’অর্থ মন্ত্রণালয়, ইআরডি ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের দেওয়া চারটি শর্তই সরকার পূরণ করেছে—এমন চিঠি পাওয়ার পরই সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখায়। তবে কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে ঋণচুক্তি পুনর্বহাল করতে হবে। সে জন্য গতকাল রাতেও (বাংলাদেশ সময়) বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে গওহর রিজভীর বৈঠক হওয়ার কথা রয়েছে।সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার গওহর রিজভীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইনের প্রথম বৈঠক হয়। মসিউর রহমানকে ছুটিতে পাঠানোসহ বাংলাদেশ সরকার যে বিশ্বব্যাংকের দেওয়া চার শর্ত পূরণ করেছে, ওই বৈঠকে এ-সংক্রান্ত লিখিত চিঠি চাওয়া হয় বিশ্বব্যাংকের পক্ষ থেকে।এর পরই গত বুধবার বিকেলে ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ইআরডি সম্মিলিতভাবে একটি চিঠি তৈরি করে। এতে মসিউর রহমানের ছুটিতে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ওই চিঠিতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও পদ্মা সেতু প্রকল্পের সাবেক পরিচালক রফিকুল ইসলামকে কবে ছুটিতে পাঠানো হয়, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়। এই চিঠিটি বুধবার রাতেই ওয়াশিংটনে অবস্থানরত প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর কাছে ই-মেইলে পাঠানো হয়। ই-মেইল পেয়ে বুধবারই গওহর রিজভী পুনরায় বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, দুর্নীতির অভিযোগ, ঋণচুক্তি বাতিল, অতঃপর শর্ত দিয়ে সেগুলো পালন এবং চুক্তি বাতিল পুনর্বহালের ঘটনা বিরল। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আরেকটি সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের জন্য রাখা ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তার চুক্তি বাতিল করা হলেও ঋণটি অন্য কোনো প্রকল্পে স্থানান্তর করা হয়নি। সে ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের অনুমোদন পেলেই ঋণচুক্তি পুনর্বহাল হবে। এদিকে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার ঋণ কার্যকরের মেয়াদ শেষ হচ্ছে আজ শুক্রবার। এডিবির শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ইআরডি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাংকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কারণে জাইকার ঋণচুক্তির মেয়াদ আরও কিছুদিন বৃদ্ধির আবেদন করা হবে। তবে জাইকার সঙ্গে করা চুক্তির ধরন এমন যে, দুই পক্ষের মধ্যে করা যেকোনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী ১৫ দিন পর্যন্ত সেটা পরিবর্তন বা পরিমার্জন করার সুযোগ থাকবে। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬১ কোটি মার্কিন ডলার, জাইকা ৪১ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার কথা। এর মধ্যে আজ শুক্রবার জাইকার ঋণ কার্যকরের সময়সীমা শেষ হচ্ছে। জাইকার স্থানীয় একটি সূত্র জানায়, বিশ্বব্যাংকের ঋণচুক্তি পুনর্বহালের বিষয়ে ইতিবাচক খবর ইতিমধ্যে জাইকাকে জানানো হয়েছে।পদ্মায় মসিউরের সংশ্লিষ্টতা থাকবে না: গতকাল বিকেলে সিরডাপ মিলনায়তনে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। সেমিনার শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছুটি নিয়েছেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর সঙ্গে মসিউর রহমানের কোনো সংশ্লিষ্টতা থাকবে না’। তিনি বলেন, ‘এটি ডেলিকেট ইস্যু (নাজুক বিষয়)। বিষয়টি নিয়ে এখন বিশ্বব্যাংকে আলোচনা হচ্ছে। এই মুহূর্তে বক্তব্য দেওয়া কষ্টকর। এ জন্য আমি বেশি বক্তব্য রাখতে চাই না। বহুবার বলেছি, আমি আমাদের প্ল্যাটফর্মে বিশ্বাসী এবং আমি আশাবাদী।’ সাংবাদিকদের অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমাদেরকে একটা বদনাম দিয়ে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করে। তাই প্রথম থেকেই আমাদের চেষ্টা ছিল “বাতিল” পরিবর্তন করে এটি ফিরিয়ে আনা। বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় বসার জন্য আমাদের কিছু ছাড় দিতে হয়েছে।’আরেক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যা কিছুই বলি না কেন, সংস্থাটি বাংলাদেশে মূল্যবান ভূমিকা রেখে চলেছে। আমরা বৈদেশিক সাহায্য এখনো গ্রহণ করি। আগে এটি জাতীয় আয়ের ৮ থেকে ১০ শতাংশ ছিল। এখন মাত্র ২ শতাংশ। তার পরও আমাদের বাজেট ঘাটতি ৫ শতাংশ। বৈদেশিক সাহায্য দিয়েই এই ঘাটতি পূরণ করা হচ্ছে।’