আশার কার্যালয়ে চাকরি-প্রত্যাশীদের ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি পদে নিয়োগ পরীক্ষায় চাকরি-প্রত্যাশীরা আজ শুক্রবার রাজধানীর শ্যামলীতে বেসরকারি সংস্থা আশার প্রধান কার্যালয় ভবনে ভাঙচুর করেছে। এ সময় তাঁরা আশার কার্যালয়ের সামনের সড়কে গাড়ি ভাঙচুর করেন। এ নিয়ে সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, একটি দৈনিকে আশার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কয়েক হাজার প্রার্থী সকালে শ্যামলীর আশা টাওয়ার ও এর পেছনের মাঠে জড়ো হয়। সকাল আটটা থেকে তাত্ক্ষণিক এ নিয়োগ পরীক্ষা শুরুর পর ১০টার দিকে শুরু হয় বিশৃঙ্খলা। বাইরে অপেক্ষমাণ পরীক্ষার্থীরা ভেতরে ঢুকতে না পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তাঁরাও আশা ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ভবনটির নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত কাচ, জানালা ভেঙে যায়। একপর্যায়ে তাঁরা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালান। এতে আশার নিরাপত্তা বিভাগের প্রধান আনোয়ারুল হকসহ কয়েকজন আহত হন। চাকরি-প্রত্যাশীরা আশা ভবনটির সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বহুতল ভবনটিতে আশা ইউনিভার্সিটিও রয়েছে। চাকরি-প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয় ভবনের দুই দিকে ভাঙচুর শুরু করলে একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া এবং বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। আশা ভবনের সামনে মিরপুর সড়ক ও পেছনের খিলজি সড়কে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা ১১টার দিকে পুলিশ এসে কয়েক দফা লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। কিন্তু এর পরও খিলজি ও বাবর রোডে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। খিলজি রোডের কয়েকটি বাড়ির জানালার কাচ এবং গাড়ি ভাঙচুর করলে এলাকাবাসীও উত্তেজিত হয়ে ওঠে। পরে দুপুর ১২টার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আশা ভবনের নিরাপত্তা কর্মী মো. ইউসুফ গাজী বলেন, আশা ভবনের পেছনের আনন্দ উচ্চবিদ্যালয়ে ধারণক্ষমতার বেশি প্রার্থীর সংখ্যা হওয়ায় বাকিদের আশা ভবনের বসানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বাইরে অপেক্ষমাণ প্রার্থীদের প্রবেশপত্র দিতে দেরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ভেতরে ঢোকার চেষ্টা চালান। এ সময় ভেতর থেকে ফটক লাগিয়ে দিলে তাঁরা ভবন লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে ভবনটির অন্তত পঞ্চম তলা পর্যন্ত জানালার কাচ ভেঙে যায়। তিনি অভিযোগ করেন, ভবনটির সামনে উপস্থিত পুলিশের সহযোগিতা চাইলেও তারা এগিয়ে আসেনি।চাকরি-প্রত্যাশী ফারুক হোসেন দাবি করেন, সকালে আসার পর তাঁদের কাছ থেকে পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা আর দরখাস্ত নেওয়া হয়েছে। তবে তিনিসহ অনেকেই টাকা দিয়ে ভুয়া প্রবেশপত্র পেয়েছেন বলে অভিযোগ করেন ফারুক। আশার নির্বাহী সহসভাপতি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) ফয়জার রহমান প্রথম আলোকে বলেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির ঋণ কর্মকর্তা ও ঋণ সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সিলেট ও চট্টগ্রাম বাদে বাকি পাঁচ বিভাগ থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন। পাঁচ হাজার প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য আশা ভবন ও পাশের আনন্দ উচ্চবিদ্যালয়ে প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ৩০০ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে অন্তত চারজন করে আত্মীয়-বন্ধু আসেন। এ ছাড়া প্রার্থীরা সবাই একসঙ্গে পরীক্ষা দিতে চাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বহিরাগতদের ইন্ধনে প্রার্থীরা সহিংসতা ঘটিয়েছে।ওই কর্মকর্তা বলেন, বেলা দেড়টা পর্যন্ত চার হাজার ৫৮১ জনের পরীক্ষা নেওয়া হয়। বিশৃঙ্খল পরিস্থিতির জন্য পরে বাকিদের পরীক্ষা নেওয়া হয়নি। এঁদের পরীক্ষা ১৬ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয়ে নেওয়া হবে। প্রার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা ফি বাবদ এই টাকা নেওয়া হয়েছে। ভুয়া প্রবেশপত্রের যে অভিযোগ এসেছে তাও সঠিক নয়।’মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম বলেন, ‘আশার অব্যবস্থাপনার কারণে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তিনি বলেন, সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছে। তবে এ ব্যাপারে মামলা হয়নি।