আশার ঘরে বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে দর্শকদের আকাঙ্ক্ষাকে আকাশে তুলে দিয়েছিল বাংলাদেশ দল। ঢাকার বাকি তিন ওয়ানডে ম্যাচের টিকিট তাই হয়ে পড়েছিল দুর্মূল্য এক বস্তু। টিকিট নিয়ে চলছিল হাহাকার। টিকিট বিক্রি করার সত্ত্ব পাওয়া ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। টিকিট নিয়ে হাঙ্গামার খবরও চাউর হয়েছিল পত্রিকা মারফত। সবারই একটি প্রশ্ন, ‘ভাই টিকিট পাওয়া যাবে কীভাবে?’ঢাকার তিন ওয়ানডের দুটো শেষ। দুটোতেই জয়ের প্রত্যাশা জাগিয়ে বাংলাদেশের হার। খুলনার দুই ওয়ানডে শেষে যেখানে বাংলাদেশ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল, সেখানে সিরিজ এখন ২-২। আজ শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচ। যে জিতবে, তারই মাথায় উঠবে সিরিজ বিজয়ীর মুকুট। কিন্তু, একি ! যে ম্যাচ নিয়ে রুদ্ধশ্বাস উত্তেজনায় সকলের ফেটে পড়ার কথা, সেখানে মানুষের উত্সাহে যেন কোথায় কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে! ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেও মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের আশ-পাশ কেমন যেন ফাঁকা। তবে কী দেশের দর্শকেরা বাংলাদেশ দলের ওপর হতাশ? তারা কী তবে আশা ছেড়ে দিয়েছে? তারা কী বিশ্বাস করছে না যে আজ বাংলাদেশ জিততে পারে!বাংলাদেশ যে জিততে পারে, সেটা মুশফিক বাহিনী বারবারই প্রমাণ করেছে। আজও যে জিততে পারে, সেটা বিশ্বাস করার লোকও নেহাতই কম নয়। উত্সাহী, বিশ্বাসীরা কিন্তু ঠিকই ভিড় করেছেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ‘হোম অব ক্রিকেটে।’দুটো ম্যাচ খারাপ গেছে। জয়ের কাছাকাছি গিয়েও জয়টা হাত দিয়ে ধরা যায়নি। পারফরম্যান্সটা হয়তো পরিস্থিতি অনুযায়ী যুত্সই হয়নি। আজ যে গত দুটো ম্যাচের পুনরাবৃত্তি হবে—সেটাও বা ধরে নেওয়া কেন?আশায় বুক বাঁধতে তো আর ক্ষতি নেই। আশার ঘরে বসতি গড়ে দেখা যাক না মুশফিকরা কেমন করেন? জিতে গেলে তো আর কথা নেই। হারলেও কোনো ক্ষতি নেই। তাঁরা আমাদের অনেক কিছুই দিয়েছেন।