আশার পিস্তলে আত্মহত্যা মেয়ে বর্ষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিখ্যাত গায়িকা আশা ভোঁসলের মেয়ে বর্ষা গত সোমবার মুম্বাইয়ের পেদ্দার সড়কের বাসায় আত্মহত্যায় যে পিস্তলটি ব্যবহার করেছিলেন, সেটি তাঁর মায়ের। একটি ট্যাবলয়েডের বরাত দিয়ে জি-নিউজের খবরে আজ বুধবার বলা হয়, পিস্তলটি ৩০-৩৫ বছর আগে আশার হাতছাড়া হয়।ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়, আশা পুলিশকে জানিয়েছেন, ‘একাকিত্বের কারণে বর্ষা বিষাদগ্রস্ত ছিল এবং এক বছর ধরে সে সবার কাছ থেকে দূরে সরে থাকত। বিষণ্নতা, পায়ের ব্যথা এবং ডায়াবেটিসের জন্য বর্ষার চিকিত্সা চলছিল। সম্প্রতি সে বাইরের জগত্ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য কারও ফোনও ধরত না সে।’আশা আরও বলেন, ‘আত্মহত্যায় বর্ষা যে পিস্তলটি ব্যবহার করেছিল, সেটি আমার নামে নিবন্ধিত ছিল। এটি অনেক পুরোনো এবং হারিয়েও গিয়েছিল। আমরা জানি না, সে এটি কীভাবে খুঁজে পেল।’গত মঙ্গলবারে তদন্ত চালানোর সময়ও পুলিশ নিশ্চিত ছিল না, বর্ষার ব্যবহার করা পিস্তলটির মালিক ঠিক কে? তদন্তের জন্য এ সপ্তাহের মধ্যে আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরসহ তাঁদের পরিবারের অনেককে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে পুলিশের।ট্যাবলয়েডের খবরে বলা হয়, ১৯৯৮ সালে বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে বর্ষা বিষণ্নতায় ভুগছিলেন। ঘনিষ্ঠ বন্ধু ফটোগ্রাফার গৌতম রাজ্যদাকশ মারা যাওয়ার পর তাঁর অবস্থার অবনতি হয়। বর্ষার একজন একান্ত বন্ধু পুলিশকে জানিয়েছেন, ‘এরপর বর্ষা জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলে এবং একাকী জীবন যাপন করতে থাকে।’