আশার মৃত্যু হোয়াইটওয়াশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৮৪/৫বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৯/৯ফল: ইংল্যান্ড ৪৫ রানে জয়ীসাপ্তাহিক ছুটির দিনে আগেও চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। এমন গ্যালারি-উপচানো দর্শক কখনো দেখা যায়নি। সাধারণ গ্যালারির ৯ হাজার টিকিটের সবই বিক্রি হয়ে গিয়েছিল। স্পেশাল এনক্লোজার আর ভিআইপি গ্যালারিতেও ছিল না কোনো ফাঁকা চেয়ার। টিকিট না পাওয়ার হতাশা নিয়ে স্টেডিয়ামের বাইরে ঘুরে বেড়িয়েছেন আরও কত না দর্শক! তবে সবচেয়ে বড় হতাশার খবরটা তাঁরাও কাল মাঠ থেকেই পেয়েছেন। শেষ ম্যাচে জয়ের আশা জাগিয়েও ৪৫ রানের হারে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে ‘হোয়াইটওয়াশ’ বাংলাদেশ।ওয়ানডেতে এক ইংল্যান্ড ছাড়া সব দলকেই হারানোর অভিজ্ঞতা আছে। এবার সে অতৃপ্তি ঘোচানোরই লক্ষ্য ছিল। কিন্তু ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও ফিরে আসার পর কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও মঞ্চস্থ হলো হতাশার চিত্রনাট্য। এ ম্যাচ শেষেও অধিনায়ক সাকিব আল হাসানকে ছোট ছোট কিছু ভুলের জন্য স্বপ্নপূরণ না হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে।ভুলের কিছু করেছেন সাকিবরা নিজেরা, বাকিটা দুই আম্পায়ার রড টাকার আর এনামুল হক মিলে। আবদুর রাজ্জাকের বলে ব্যক্তিগত ৪ রানের মাথায় ইংলিশ ওপেনার ক্রেইগ কিসওয়েটারের এলবিডব্লুটা দিলেও দিতে পারতেন অস্ট্রেলিয়ান আম্পায়ার রড টাকার। তিনি দিলেন না, কিসওয়েটার এই সুযোগে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই করে ফেললেন প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত রাজ্জাকের বলেই বোল্ড হলেও ততক্ষণে নামের পাশে জ্বলজ্বলে ১০৭ রান। যার সৌজন্যে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান পল কলিংউড আর এউইন মরগানের ৩৬ হওয়ার পরও ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৮৪ রান। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রান তাদের।আম্পায়ারদের হয়ে অন্য ভুলটা এনামুলের। বাংলাদেশ ইনিংসের ৩৩.৩ ওভারে সাকিবের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন পুরো সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বোলার কেভিন পিটারসেন। এনামুল তাতে আউটের আঙুল তুললেও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, বলটা অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বাইরে দিয়েই বেরিয়ে যাচ্ছিল। অন্য সময় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে কেবল সন্দেহই প্রকাশ করা হয়। কিন্তু কাল যে সাকিব এলবিডবু্ল ছিলেন না, সেটি নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না, বিতর্কই নেই একদম। আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার না হলে সাকিব দলকে কোথায় নিতে পারতেন কে জানে! তবে এটুকু বলা যায়, তাঁর এলবিডব্লুটার আগ পর্যন্ত জয়ের আশা ছিল বাংলাদেশের। সাকিব ফিরে যাওয়ার সময় স্কোরবোর্ডে ৫ উইকেটে বাংলাদেশের রান ১৬২। তার মানে জিততে হলে ১৬.৩ ওভারে আর প্রয়োজন ছিল ১২৩ রান। হাতে ছিল ৫ উইকেট, ব্যাটিং পাওয়ার প্লের সুযোগও।আম্পায়ারের সিদ্ধান্ত নিজেদের হাতে নেই। তবে নিজেদের হাতে যেগুলো ছিল সেসব সুযোগও হাত ফসকে পড়ে গেছে! ক্যাচ মিসের মহড়া চলেছে এদিনও। সাকিবের বলে ওপেনার অ্যালিস্টার কুককে ব্যক্তিগত ২৮ রানে গ্লাভসে নিতে পারেননি উইকেটকিপার মুশফিকুর। সাকিবের বলেই দুবার বেঁচে গেছেন এউইন মরগানও। ব্যক্তিগত ৭ রানে মিড উইকেটে ক্যাচ ফেলেছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, ১৮ রানের সময় মিডঅনে মাহমুদউল্লাহ। ক্যাচ মিসের ধারাবাহিকতা রক্ষার সঙ্গে পাওয়ার প্লেতে বোলিংয়ের দুর্বলতাটাও ধরা পড়েছে আরও একবার। ৪২ থেকে ৪৬—পাওয়ার প্লের এই ৫ ওভারেই ইংল্যান্ড তুলেছে ৫৫ রান, সব মিলিয়ে শেষ ১০ ওভারে ১০৭। ম্যাচ শেষে বোলিং নিয়ে সাকিবের আফসোসটা মূলত এই ১০ ওভারকেন্দ্রিকই।তবে ব্যাটিংয়ে এক ম্যাচে একাধিক বড় ইনিংস না হওয়ার আফসোস কাল আরও কমে আসতে পারত। দলের ৪০ রানের মধ্যে দুই ওপেনার ড্রেসিংরুমে ফিরলেও আফতাব আহমেদের জন্য নিজেকে ফিরে পাওয়ার দিনই ছিল কাল। অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার আজমল শেহজাদকে ফ্লিক করে নিজের প্রথম বাউন্ডারি কিংবা লুক রাইটকে প্যাডেল করে ফাইন লেগ দিয়ে মাঠের বাইরে পাঠানো—এ রকম প্রতিটা শটেই ফিরে পাওয়া যাচ্ছিল পুরোনো আফতাবকে। কিন্তু ৬০ বলে ৪৭ রান করার পর নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট তিনি, অপমৃত্যু হলো একটা দৃষ্টি সুখকর বড় ইনিংসের। মুশফিকুরও ভালো খেলতে খেলতে ৪০ রানে আউট। তার পরও তৃতীয় উইকেটে আফতাব-মুশফিকুরের ৫৬ রানই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। অবশ্য ব্যক্তিগত ২৬ রানে শেহজাদ নিজের বলে আফতাবের ফিরতি ক্যাচটা নিতে পারলে ওটাও না হতে পারত। শেহজাদের হাত ফসকানো সান্ত্বনা হতে পারে বাংলাদেশ ফিল্ডারদের জন্য—ইংল্যান্ডও তাহলে ক্যাচ মিস করে! তবে আফতাবের ক্যাচ মিসের পরও অভিষেক ম্যাচটা স্মরণীয়ই হয়ে থাকল শেহজাদের। টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন, কাল তামিম ইকবালকে ইনিংসের তৃতীয় বলেই ফিরিয়ে সেই ধারা ধরে রাখলেন ওয়ানডেতেও।ধারাবাহিকতা ধরে রাখার দাবি করতে পারে বাংলাদেশও। ছোট ছোট ভুল তো থেকেই যাচ্ছে, থেকে যাচ্ছে পেতে পেতেও না পাওয়ার বেদনা।