আশাশুনিতে ১৪৪ ধারা
স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন বিএনপি একই স্থানে সভা ডাকায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেউটিয়া আবু জাফর দাখিল মাদ্রাসা মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ আদেশ দেন। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সালাউদ্দিন বলেন, কেন্দ্রীয় নেতা শহীদুল আলমের আসা উপলক্ষে আজ বিকেল চারটায় চেউটিয়া আবু জাফর দাখিল মাদ্রাসা মাঠে জনসভার আয়োজন করা হয়। এক সপ্তাহ আগে সভাটি ডাকা হয়। এ সভা পণ্ড করতেই আশাশুনি স্বেচ্ছাসেবক লীগ একই সময় একই স্থানে তাদের সভা ডেকেছে বলে তিনি অভিযোগ করেন।আশাশুনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী বলেন, সারা দেশে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ওই স্থানে আজ সভা ডাকা হয়। আশাশুনির ইউএনও শরীফ নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবত্ থাকবে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।