ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে তিনবিঘা করিডরের ফটক ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বহু কাঙ্ক্ষিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে রয়েছে প্রতিক্রিয়াতিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত চুক্তি না করায় চরম আশাহত হয়েছে নীলফামারীর তিস্তাপারের হাজারো মানুষ। তাদের আশা ছিল, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে বহুল প্রত্যাশিত ওই চুক্তিটি হবে এবং তারা শুকনো মৌসুমে তিস্তার ন্যায্য পানি পাবে।এর পরও তিস্তাপারের বাসিন্দারা আশা করছে, ভারত সরকার বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের জন্য কিছু একটা করবে।তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া বিষয়ে গতকাল বুধবার দুপুরে কথা হয় ডিমলা উপজেলার তিস্তাপারের দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামের রবীন্দ্রনাথ রায়ের (৬০) সঙ্গে। তিনি বলেন, ‘তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি আলোচনায় আসায় আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু হঠাৎ করে জানতে পারলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে আসছেন না। পরে শুনি, তিস্তা নিয়ে চুক্তিও হবে না। পরে সেটাই হলো।’ তিনি আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ। আমরা বন্ধুর কাছে আমাদের ন্যায্য পাওনাটাই আশা করি।’টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ায় আমরা অপরিকল্পিতভাবে পানি পাচ্ছি। বর্ষা মৌসুমে বন্যা আর শুকনো মৌসুমে খরা ছাড়া কিছুই পাচ্ছি না। তিস্তা আমাদের আশীর্বাদ না হয়ে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে।’একই ধরনের কথা বলেন ঝুনাগাছ চাপানী ইউপির চেয়ারম্যান একরামুল হক ও পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান।টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের আবদুল গফুর (৪০) বলেন, ‘আমরা অনেক আশায় ছিলাম। প্রার্থনা করেছি, মানববন্ধনও করেছি; কিন্তু তিস্তার পানি চুক্তি হচ্ছে না, খবরটা শোনার পর আশাহত হয়েছি।’এমনি করে আশাহত হয়েছেন ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের কৃষক নুরুল ইসলাম (৪৫), খগারচর গ্রামের হারুন অর রশিদসহ তিস্তাপারের বাসিন্দারা।যোগাযোগ করা হলে ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবতাব উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করব, ভারতের পশ্চিমবঙ্গের জনগণ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধোদয় হবে। এখনো আমরা আশাবাদী। কারণ, আলোচনার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি।’এদিকে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সেচ প্রকল্পের আওতায় নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট ও বগুড়ার ধুনট পর্যন্ত সেচ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। উজানের দেশ ভারত থেকে পানি না এলে এই সেচ প্রকল্প অকার্যকর হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। তিস্তা সেচ প্রকল্প এলাকার সুবিধাভোগী কৃষক মিজানুর রহমান (৫০) জানান, শুকনো মৌসুমে ইরি-বোরো আবাদে তিস্তার সেচ যে কত জরুরি, তা ভুক্তভোগীরাই ভালো জানেন। প্রকল্পের পানি দিয়ে সেচ দিলে খরচ যেমন কম হয়, তেমনি ধানের ফলনও ভালো হয়। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।এ ব্যাপারে তিস্তা সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দীন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ভারতের তিস্তা থেকে আমরা বর্ষা মৌসুমে ৯০ হাজার থেকে এক লাখ কিউসেক পানি পাচ্ছি, কিন্তু শুকনো মৌসুমে আমরা যদি ১০ হাজার কিউসেকও পানি পাই, তবে তিস্তাপারের বিশাল এলাকায় বছরে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ কোটি টাকার অতিরিক্ত খাদ্যশস্য ফলাতে পারব। সে জন্য তিস্তার পানি বণ্টন চুক্তিটি হওয়া খুব জরুরি ছিল।’