আশায় আশায় তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সাতজন স্থানীয় যুবক-যুবতী বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। একদিন চাকরি হবে এই আশায় তাঁরা তিন বছর ধরে হাসপাতালে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে কিন্তু জনবল নেই। তাই চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। প্রথম আলোয় এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে জোড়াতালি দিয়ে শুধু বহির্বিভাগ চালু করে স্বাস্থ্য বিভাগ। কিন্তু প্রয়োজনীয় লোক বরাদ্দ না দেওয়ায় এসব দেখাশোনা ও রক্ষণাবেক্ষণার কাজ করছে স্থানীয় সাতজন যুবক-যুবতী। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। যে কারণে সদরের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এলাকাবাসী তত্কালীন বিএনপির সাংসদ জিয়াউল হক মোল্লার কাছে সদরে একটি হাসপাতাল করে দেওয়ার দাবি জানায়। সে অনুযায়ী উপজেলা সদরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হয়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ থেকে ২০০ মিটার দূরে এ হাসপাতালটি ২০০৬ সালের ১৮ অক্টোবর উদ্বোধন করা হয়। এরপর হাসপাতালটির জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় বেড (বিছানা), অপারেশন থিয়েটারের সরঞ্জামাদিসহ প্রায় কোটি টাকার আসবাব সবরাহ করা হয়। শয্যাসংখ্যার বিপরীতে সেখানে একজন চিকিত্সক এবং পাঁচজন নার্সসহ মোট ১১ জনকে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আজ পর্যন্ত ওই পদগুলো পূরণ করা হয়নি।বিগত তত্ত্ব্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের প্রথম দিকে এই হাসপাতালের ওপর একটি সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হলে জেলা স্বাস্থ্য বিভাগ অন্য হাসপাতাল থেকে দুজন কর্মকর্তা-কর্মচারী এনে বহির্বিভাগ চালু করে। এ সময় এগিয়ে আগে এলাকার সাত যুবক-যুবতী। তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে হাসপাতালে দেখাশোনার কাজ শুরু করেন। ‘একদিন চাকরি হবে’ এ আশায় মাসের পর তাঁরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে নিয়োগের মৌখিক আশ্বাস ছাড়া পারিশ্রমিকের একটি টাকাও আজ পর্যন্ত তাঁদের কপালে জোটেনি।গত ২৭ জানুয়ারি হাসপাতালটিতে গিয়ে রোগীদের ব্যবহারের জন্য একটি বিছানাও দেখা যায়নি। এমনকি অপারেশন থিয়েটারও তালাবদ্ধ। নিচতলার কক্ষগুলোর মধ্যে শুধু দুটি খোলা। এর একটিতে বসেন স্বাস্থ্য সহকারী উম্মে হাসনা বানু এবং অপরটিতে সঞ্জয় কুমার সরকার নামের এক ফার্মাসিস্ট। কাগজে-কলমে স্টাফ বলতে প্রেষণে আসা ওই দুজন কর্মচারী ছাড়া আর কেউ নেই। তাঁরা বহির্বিভাগে বসে রোগীদের মধ্যে শুধু ওষুধ বিতরণ করেন। তবে সেই ওষুধও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বাস্থ্য সহকারী উম্মে হাসনা বানু বলেন, ‘ভর্তির জন্য প্রতিদিন অনেক রোগী আসেন। কিন্তু কোনো ডাক্তার না থাকায় তাঁদের ফিরিয়ে দিতে হয়।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, বহির্বিভাগ খোলা-বন্ধ করা আর রাত্রীকালীন প্রহরার জন্য কাউকে নিয়োগ না দেওয়ায় এলাকার শিক্ষিত বেকার সাত যুবক-যুবতী পিয়ন, নৈশপ্রহরী আর সুইপারের কাজ ভাগ করে নিয়েছেন। এর মধ্যে মহিলা দুই ও পুরুষ পাঁচজন। হাসপাতালের ফার্মাসিস্ট সঞ্জয় কুমার বলেন, চিকিত্সক ও নার্সের সব পদ শূন্য থাকায় বরাদ্দ দেওয়া বেড এবং অপারেশন থিয়েটারের সরঞ্জামাদি তালাবদ্ধ করে রাখা হয়েছে। একই কারণে কোনো রোগী ভর্তি করা সম্ভব হয় না। মারাত্মক অসুস্থ রোগী এলেও ফিরিয়ে দিতে হয়।হাসপাতালে তিন বছর ধরে স্বেচ্ছায় পিয়নের দায়িত্বপালনকারী স্থানীয় বাসিন্দা সোহেল রানা আক্ষেপ করে বলেন, ‘একদিন চাকরি হবে এ আশায় আমরা সাতজন উদ্বোধনের দিন থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত চাকরি তো দূরের কথা, পারিশ্রমিক হিসেবে একটি টাকাও আমাদের কপালে জোটেনি।’ আরেক পিয়ন জহুরুল ইসলাম বলেন, ‘আশায় আছি, লোক নিয়োগ হলে আমরা চাকরি পাব।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান চৌধুরী হাসপাতালটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য সহকারী এবং ফার্মাসিস্ট হিসেবে যে দুজন রয়েছেন, তাঁরাও এখানে নিয়োগপ্রাপ্ত নন। বহির্বিভাগ চালু রাখতে তাঁদের অন্য এলাকা থেকে এখানে আনা হয়েছে। তিনি বলেন, লোকবল না থাকায় রক্ষণাবেক্ষণের দায়িত্বটিও স্থানীয় সাত যুবক-যুবতীকে দেওয়া হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন গোলাম হোসেন বলেন, এই হাসপাতালের জনবল নিয়োগের অনুমতিপত্র সবেমাত্র এসেছে। নিয়োগপ্রক্রিয়া শুরু হলে সাত স্বেচ্ছাশ্রমদানকারীর বিষয়টি পরে দেখা হবে বলে তিনি জানান।