আশায় বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশকে ঘিরে স্বপ্নের জাল বুনেছিল সবাই—শ্রেণী, পেশা, সম্প্র্রদায়নির্বিশেষে যার যার অবস্থানে থেকে সর্বস্তরের বাঙালি। সংখ্যালঘু জনজীবনেরও প্রত্যাশা ছিল ব্যাপক। ধর্মের ভিত্তিতে ১৯৪৭-এর দেশভাগের করুণ পরিণতি তারা প্রত্যক্ষ করেছে। উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থায় ‘পবিত্র আমানত’ হিসেবে বেঁচে থাকার গ্লানি বহন করেছে দীর্ঘকাল। বাঙালি হিসেবে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর বিজাতীয় বৈষম্যমূলক আচরণের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু হিসেবে ধর্মীয় বঞ্চনা, বৈষম্য, নিগ্রহ, নিপীড়নের অতিরিক্ত শিকারও তাদের হতে হয়েছে। ‘দেশত্যাগ করো, নয়তো গিনিপিগের ভাগ্য বরণ করো’ রাষ্ট্রের এমনতরো ভূমিকায় এরা তিলে তিলে দগ্ধ হয়েছে। রাষ্ট্র ও রাজনীতিতে ধর্ম ও সাম্প্র্রদায়িকতার যদিচ্ছ ব্যবহারে সমাজের তৃণমূলে উদ্ভূত নানা সামাজিক সমস্যা ও সংকটে তারা উৎপীড়িত হয়েছে। এমনতরো শ্বাসরুদ্ধকর পরিবেশ ও আত্মগ্লানির অভিশাপ থেকে সার্বিক মুক্তির প্রত্যাশায় বাঙালি জাতির অংশ হিসেবে মুক্তিযুদ্ধে সার্বিক অংশগ্রহণ এদের উদ্বুদ্ধ করেছে। সেও আজ প্রায় চার দশক আগের কথা।নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ বাঙালি জাতির রক্তস্রোতে জন্ম নেয় উদার গণতান্ত্রিক চেতনায় ‘ধর্মনিরপেক্ষ’ বাংলাদেশ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর চোখেও তখন নতুন স্বপ্ন। সম-অধিকার ও সমমর্যাদা নিয়ে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার ন্যায্য আকাঙ্ক্ষা। এই স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে ভর করে শরণার্থীরা ফিরে এল নিজের পোড়োভিটিতে। পালিয়ে বেড়াল যারা এ-গ্রাম থেকে ও-গ্রাম, তারাও অফুরন্ত আশা আর স্বস্তিতে ফিরে আসে আপন আলয়ে। একাত্তরের বিজয়ের পর এই যে বিশাল প্রত্যাশা নিয়ে নতুন যাত্রা আজ এত বছর পর ঘুরেফিরে প্রশ্ন—প্রাপ্তি কতটুকু?স্বপ্ন যা-ই থাক, হোঁচট খেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি এ দেশের সংখ্যালঘুদের। স্বাধীনতা-উত্তর প্রথম ১০ মাসের মধ্যে ১৯৭২-এর অক্টোবরে শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে সারা দেশের পূজামণ্ডপগুলো পরিকল্পিত হামলার শিকার হলো। মূর্তি ভাঙল, সেই সঙ্গে মনও ভেঙে গেল। হামলাকারীদের কেউ বিচারের আওতায় না আসায় শঙ্কিত হয়ে ওঠে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অজানা আশঙ্কায়। এ ছাড়া পাকিস্তান আমলের সুদীর্ঘ ২৪ বছরের গণতান্ত্রিক আন্দোলনে, এমনকি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের অনেকের রহস্যজনক আচরণ কিংবা মুজিব-বিরোধিতার নামে সাম্প্রদায়িক উসকানিমূলক তৎপরতায় চেনা মানুষদের অনেকেই তাদের কাছে অচেনা হয়ে গেল। স্বপ্ন ফিকে হতে লাগল ক্রমেই। আশা ও নিরাশার দোলাচল শুরু হয়। তবুও তাদের ভরসায় ‘বঙ্গবন্ধু মুজিব’।সাড়ে তিন বছরের মাথায় ঘাতকদের হাতে সপরিবারে তাঁর নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর খুনি মোশতাকের টুপিকে ‘জাতীয় টুপি’ হিসেবে আখ্যায়িত করে আপামর বাঙালি জাতিকে জানিয়ে দেওয়া হলো কবির ভাষায়, ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’। ১৯৭২ সালের অক্টোবরের ঘটনায় যেসব কারণে শঙ্কিত হয়েছিল ধর্মীয় সংখ্যালঘু জনগণ, তা-ই যেন শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। হুবহু পাকিস্তানি ধারায় ফিরে যায় বাংলাদেশ। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতাশা পূরণ দূরে থাক, অস্তিত্বেরই সংকটে তাদের পড়তে হলো। রাষ্ট্র ও রাজনীতিতে সাম্প্র্রদায়িকতা পুনর্বাসিত হলো। ‘ধর্মনিরপেক্ষ’ সংবিধান ‘ধর্মীয়’ সংবিধানে রূপান্তরিত হলো। রাষ্ট্রধর্ম সংযোজনের মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে শুধু বিভাজনই টানা হলো না, ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিকভাবে ‘দ্বিতীয় শ্রেণীর নাগরিকে’ পরিণত করা হলো—অনেকটাই যেন সেই পাকিস্তানি ভাবধারার ‘পবিত্র আমানত’। ১৯৭৪-এর ২৩ মার্চের পর তথাকথিত ‘শত্রু’ বা ‘অর্পিত সম্পত্তি আইন’কে ধর্মীয় সংখ্যালঘুদের ভূমি থেকে উৎখাতের বা ভূমি নিয়ে হয়রানির ফলপ্রদ অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো, যার ভয়াল অভিশাপ থেকে আজও মুক্ত হতে পারল না এ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়।অর্থনীতিবিদ, গবেষক আবুল বারাকাতের গবেষণা থেকে দেখা যায়, এ কথিত আইনের জাঁতাকলে পড়ে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ১৯,৫০,৬০৬ হিন্দুখানা (হাউসহোল্ড), অর্থাৎ বাংলাদেশের মোট ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ৪৩ শতাংশ। এর মধ্যে কৃষিজমি থেকে উৎখাত হয়েছে ৯,৩৮,১০৭ হিন্দুখানা, বসতভিটি থেকে ৩,৩১,৭০৬ হিন্দুখানা, বাগানভূমি থেকে ৪১,৪৬৩ হিন্দুখানা, পতিত জমি থেকে ২৮,৪৮০ হিন্দুখানা, বাণিজ্যিক জমি থেকে ১০,৩৬৬ হিন্দুখানা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ৫১,৮৩৬ হিন্দুখানা, অন্যান্য ভূমি থেকে ১,১৯,২০৬ হিন্দুখানা। উৎখাতকৃত এ ভূমির মোট পরিমাণ ২.০১ মিলিয়ন, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু (হিন্দু) জনগোষ্ঠীর মালিকানাধীন জমির ৪৫ শতাংশ, টাকার অঙ্কে যার মূল্য দাঁড়ায় (২০০৭ সালের হিসাব অনুযায়ী) ২৪,১৬,২৭৩ মিলিয়ন, যা জিডিপির ৫২ শতাংশ (সূত্র: Deprivation of Hindu Minority in Bangladesh: Living with Vested Property)। ভিনদেশের ঘটনার অজুহাত তুলে ১৯৫০—৬৪-র মতো ১৯৯০-৯১ সালে রাষ্ট্রীয়ভাবে একতরফা সাম্প্রদায়িক সহিংসতা চালানো হলো। একানব্বইয়ের সহিংসতায় ১৩ জনের মৃত্যু ঘটে, দুই হাজার ৬০০ নারী ধর্ষিত হয়, এক হাজার ৯২৫ জন আহত হয়, ২৮ হাজার ঘরবাড়ি, তিন হাজার ৬০০ দেবালয়, দুই হাজার ৫০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু তা-ই নয়, বিশেষ রাজনৈতিক দলের ‘ভোট ব্যাংক’ হওয়ার কল্পিত অপরাধে ২০০১ সালের নির্বাচন-পূর্ব ও উত্তর সময়কালে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মম শাস্তি দিতেও পিছপা হয়নি এ দেশের ‘গণতান্ত্রিক’ দল ও সরকার। জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের গবেষক মোহাম্মদ রফি তাঁর গবেষণা গ্রন্থ Can We Get Along-এ সুস্পষ্টভাবে বলেছেন, ‘Violence against the minorities can be investigated by a motive of ethnic cleansing।’ গবেষণা গ্রন্থে তিনি দেখিয়েছেন, ২০০১ সালের নির্বাচনের মাস অক্টোবর থেকে ২০০২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২০টি উপজেলায় সংখ্যালঘুদের, বিশেষ করে, হিন্দুদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হয়েছে। ১৯০টি উপজেলায় তারা চাঁদাবাজির শিকার হয়েছে। ১৩৭টি উপজেলায় সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা হয়েছে। ১২৮টি উপজেলায় তাদের সহায়-সম্পদ লুটের ঘটনা ঘটেছে। ১৬২টি উপজেলায় সম্পত্তি ধ্বংস হয়েছে। ২০২টি উপজেলায় হিন্দুরা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। গবেষকের ভাষায়, ‘সরকার সংখ্যালঘুদের দেশত্যাগ বন্ধে কোনো উদ্যোগ নেয় না বরং নিষ্ঠুর নির্বিকার আচরণ করে।’চাকরিবাকরি, শিক্ষাদীক্ষা, জীবন-জীবিকার সর্বক্ষেত্রে এমনকি সংসদে বা জনপ্রতিনিধিত্বশীল সংস্থায় প্রতিনিধিত্ব-অংশীদারির ক্ষেত্রেও ব্যাপক বৈষম্যের বেড়াজালে আটকিয়ে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে সংকুচিত করা হলো। ধর্মীয় কারণে নিগ্রহ-নিপীড়ন-বঞ্চনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়াল। অস্তিত্বের সংকটে দেশান্তরিত হতে বাধ্য হয় অনেকেই। আদমশুমারির রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি আমলে ১৯৬৪ থেকে একাত্তরের মধ্যে যেমনভাবে হারিয়ে গেছে ১ দশমিক ৮ মিলিয়ন ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত, হিন্দু সম্প্রদায়, ঠিক তেমনিভাবে ১৯৮১ থেকে ২০০১-এর মধ্যে হারিয়ে গেছে ৪ দশমিক ৪ মিলিয়ন। এ থেকে বলা যায়, বিগত চার দশকের স্বাধীন বাংলাদেশেও জুটেছে অসহায়ত্ব, বিপন্নতা আর ভবিষ্যতের অনিশ্চয়তা।২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর রাষ্ট্রীয় পর্যায়ে পরিবর্তনের খানিকটা আভাস মেলে। এ সরকারের কতক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সাম্প্র্রদায়িকতাকে হাতিয়ার করে রাষ্ট্রীয় পর্যায়ে অনুসৃত ধারা থেকে এ সরকার বেরিয়ে আসতে চেষ্টা করে। সরকার ও সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে, এমনকি বিদেশে দেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্র্রদায়ভুক্ত যোগ্য ব্যক্তিদের কাউকে কাউকে নিয়োগ বা মনোনয়ন দেওয়ায় সর্বগ্রাসী হতাশার মধ্যেও সম্ভাবনার সূচনা দেখা দেয়। আগেকার ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া লাখ লাখ সংখ্যালঘু নাগরিককে নতুন তালিকায় অন্তর্ভুক্তিতে তারা তাদের হূত নাগরিক অধিকার ফিরে পায়। শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও ঘোষিত নির্বাচনী নীতিমালায় নির্বাচনী প্রচারকালে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহারকে নিরুৎসাহিত করে। নির্বাচনকালে এ নীতির যথাযথ প্রয়োগ সামগ্রিকভাবে আগেকার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে সহনশীল রাষ্ট্রীয় পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচন-পরবর্তী বর্তমান সরকারের আমলের বিগত দুই বছরে এ পরিবেশ যে অধিকতর উন্নততর পর্যায়ে এসেছে, এতে দ্বিমতের কোনো অবকাশ নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে অনুসৃত নীতি উদার, গণতান্ত্রিক ও অসাম্প্র্রদায়িক হওয়ায় এবং এর প্রতিফলন বাস্তব ক্ষেত্রে খানিকটা হলেও দেখা দেওয়ায় অসহায় সংখ্যালঘু জনগোষ্ঠী একে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবেই বিবেচনা করছে। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী-সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ‘ধর্মনিরপেক্ষ’ রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মোচিত হওয়ায় সংখ্যালঘুরা আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ধর্মীয় বৈষম্যমূলক যাবতীয় আইন ও বিধিব্যবস্থার বিলোপ ঘটবে, সংখ্যালঘু সম্প্রদায় উত্থাপিত অভিন্ন সাত দফা প্রস্তাবনার আলোকে যথাযথ সংশোধনী আইন অনতিবিলম্বে প্রণীত হয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন-০১-এর দ্রুত বাস্তবায়ন ঘটবে, সর্বক্ষেত্রে সম-অধিকার ও সমসুযোগের বাতাবরণ নিশ্চিত হবে, যাবতীয় পঙ্কিলতার হাত থেকে রাজনীতি মুক্তি পাবে—এই হচ্ছে এ মুহূর্তে সংখ্যালঘু জনগণের প্রত্যাশা। রানা দাশগুপ্ত: সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ