আশিতেও এভারেস্ট জয়ের স্বপ্ন
বয়স আশি। মাথার চুল ধবধবে সাদা। আছে হূদরোগও। হূদযন্ত্রে চারবার হয়েছে অস্ত্রোপচার। কিন্তু তাতে কি! সাহসের কমতি নেই জাপানি পর্বতারোহী ইউচিহিরো মিউরার। দুইবার এভারেস্ট জয় করেছেন। এবার চাই তৃতীয় জয়।আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এ বয়সে মিউরা এভারেস্ট জয় করতে পারলে তা একটি রেকর্ড হবে। তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্টজয়ী।এর আগে নেপালের মিন বাহাদুর শেরচান ২০০৮ সালে ৭৬ বছর বয়সে এভারেস্ট জয় করেন। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বয়স্ক এভারেস্টজয়ী।মিউরাসহ নয়জনের একটি দল এভারেস্ট অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তিনি ও তাঁর দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছেন। অভিযানে নামার আগে নিজের স্বপ্ন সম্পর্কে মিউরা বলেন, ‘রেকর্ড গড়া আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়, সর্বোচ্চ চূড়ায় যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’২০০৩ ও ২০০৮ সালে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করেন মিউরা। তিনি বলেন, দৃঢ় মনোভাব, সাহস ও ধৈর্য থাকলে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করা যায়।মিউরার এভারেস্ট অভিযানের দলে একজন হূদরোগ বিশেষজ্ঞ আছেন। অভিযানের সময় ওই চিকিত্সক মিউরার স্বাস্থ্যের দেখভাল করবেন।চলতি বছরের মে মাসে অভিযাত্রী দলটি এভারেস্টের চূড়ায় যাওয়ার আশা করছে।