আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে একযোগে সব ইউনিট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট দিয়ে আজ শুক্রবার একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর ফলে এ কেন্দ্রের গড় উৎপাদন বেড়েছে। কেন্দ্রটি থেকে বর্তমানে ৫৯৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ থেকে জানানো হয়েছে, ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির প্রতিটি ইউনিটের নির্দিষ্ট মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে। এ কারণে আটটি ইউনিটের কোনোটি দিয়ে পূর্ণমাত্রায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। একই কারণে বছরের বেশির ভাগ সময় এক বা একাধিক ইউনিট বন্ধ থাকে।যান্ত্রিক ত্রুটির কারণে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি গত বুধবার থেকে বন্ধ হয়ে আছে। আজ বেলা পৌনে দুইটার দিকে প্রকৌশলীরা ত্রুটি মেরামত করলে সেটি উৎপাদনে যেতে সক্ষম হয়েছে। ৩ নম্বর ইউনিট সচল হওয়ায় একযোগে সব ইউনিট দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ চারপাশের বেশ কিছু উপজেলায় লোডশেডিংয়ের পরিমাণ কমে আসছে বলে জানা গেছে।আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের পরিচালক (কারিগরি) নূরুল আলম সব কয়টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন।