বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পরিবহন
আশুগঞ্জ থেকে সীমান্ত সড়ক নির্মাণে অর্থ দিতে চায় ভারত
ত্রিপুরায় নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া-আগরতলা সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামো নির্মাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত। সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির পালাটানার ওই বিদ্যুৎকেন্দ্রের ভারী সরঞ্জাম কলকাতা থেকে আশুগঞ্জ নৌবন্দরে নামানোর পর সড়কপথে সীমান্তের অন্য পারে পরিবহনের কথা রয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মঙ্গলবার সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ওটিপিসি (ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড) আশুগঞ্জ নৌবন্দর থেকে সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামোর মানোন্নয়নের জন্য অর্থায়ন করবে। ত্রিপুরার প্রস্তাবিত ৭২৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে ওটিপিসি।নৌপরিবহনমন্ত্রী জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার গতকাল সকালে তাঁর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে তাঁরা আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার এবং প্রতিবেশী দুই দেশের স্থলবন্দরের মানোন্নয়ন নিয়ে কথা বলেন।মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার জানান, ওটিপিসি গত ১৫ জুন অর্থায়নের প্রস্তাবটি দিয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের (অয়েল অ্যান্ড ন্যাচারল গ্যাস কোম্পানি লিমিটেড—ওএনজিসি) অধীন ত্রিপুরার প্রতিষ্ঠানটির প্রস্তাবে বলা হয়েছে, সড়ক অবকাঠামো নির্মাণে পরামর্শকের কাজ করবে ভারতীয়রা। আর ঠিকাদার, শ্রমিকসহ ওই কাজে যুক্ত সবাই হবে বাংলাদেশের।ভারত কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘ওই কাজে যে টাকা লাগবে পুরোটাই তারা দেবে। তবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট অঙ্কের কথা এখনো আমাদের জানানো হয়নি।’ভারত আগামী অক্টোবরের মধ্যে এ কাজ শুরু করার আগ্রহ দেখিয়েছে।নৌপরিবহনমন্ত্রী জানান, ত্রিপুরার বিদ্যুৎকেন্দ্রের উপকরণ পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দরের আধুনিকায়ন প্রয়োজন। কারণ সরঞ্জামগুলো বিশেষায়িত হওয়ায় সেগুলো রাখার জন্য প্রয়োজনীয় সুবিধা তৈরি করতে হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি ৩৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে উপকরণগুলো স্থলপথে পরিবহনের জন্য নৌবন্দর থেকে আগরতলা সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামোর ক্ষেত্রে বেশ কিছু কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে সড়কের প্রশস্ততা ও ধারণক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় কালভার্ট তৈরি করা। এসব কাজের টাকাই দিতে চায় ভারত।চট্টগ্রাম, মংলা ও স্থলবন্দর প্রসঙ্গ: ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে নৌপরিবহনমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিয়েও কথা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দরের মানোন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে শাজাহান খান জানান।অন্যদিকে ভারত কীভাবে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে চায়, সে ব্যাপারে রজিত মিত্তারের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান নৌপরিবহনসচিব। বিশেষ করে ভারত ওই দুই বন্দর ব্যবহারে কোন রুট ব্যবহার করবে এবং কোন পদ্ধতিতে পণ্য আনা-নেওয়া হবে, সে ব্যাপারে বাংলাদেশ তাদের মতামত জানতে চেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের ব্যবহারের জন্য সেগুলো এখন তৈরি আছে। দিল্লির গত জানুয়ারির শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে বন্দর দুটি ব্যবহারের সুযোগ দিতে বাংলাদেশ তৈরি আছে বলে গতকালের বৈঠকে উল্লেখ করা হয়।বৈঠকে প্রতিবেশী দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোর সংস্কারের বিষয়েও নৌপরিবহনমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের আলোচনা হয়েছে।