আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার নিয়ে ট্রানজিট চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার পালাটানার বিদ্যুৎকেন্দ্রের ভারী পণ্য (ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ভারতের ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড (ওটিপিসি)। এর মধ্য দিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে বহুমাত্রিক পদ্ধতিতে ট্রানজিটের ব্যাপারে প্রথম কোনো চুক্তি করল বাংলাদেশ। গতকাল বুধবার সই হওয়া ওই সমঝোতা স্মারক অনুযায়ী আশুগঞ্জ নৌবন্দর হয়ে ত্রিপুরায় পণ্য পরিবহনে ভারত কোনো মাশুল দেবে না। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সমঝোতা স্মারকে সই করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান এবং ওটিপিসির জ্যেষ্ঠ পরামর্শক আর কে মদন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব চিরস্থায়ী হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানায় ৭২৬ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে ওটিপিসি। গ্যাসভিত্তিক ওই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ৯৬টি কনটেইনারের মাধ্যমে আগরতলায় পণ্য পরিবহন করা হবে। ভারতীয় ট্রেইলারের মাধ্যমে ওই পণ্য পরিবহন করা হবে। সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, গত জানুয়ারিতে দিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী এই সমঝোতা স্মারকটি তৈরি করা হয়েছে। পণ্য পরিবহনে সড়ক অবকাঠামো কোথায় এবং কীভাবে হবে সে বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত আছে। তিনি জানান, আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার সড়ক নির্মাণ কিংবা পুনঃসংস্কারকাজে অর্থায়ন করবে ওটিপিসি। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ওই কাজ করবে ভারতীয় ঠিকাদার। পুরো কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য মাশুল নেওয়া হবে কি না প্রশ্ন করা হলে আবদুল মান্নান হাওলাদার বলেন, বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট প্রটোকল অনুযায়ী মাশুল ধার্য করা হবে। তবে বিনা মাশুলে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে নৌসচিব বলেন, ‘বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়। রুলস অব বিজনেস অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এটা ঠিক করে।’ভারতের কাছ থেকে মাশুল আদায় বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশের নৌপথ ব্যবহারের জন্য ভারত প্রতিবছর সোয়া চার কোটি টাকা সেবা-মাশুল (সার্ভিস চার্জ) দিয়ে থাকে। একই পথ ব্যবহার করতে কি কেউ দুইবার মাশুল দেবে—এই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, ভবিষ্যতে ভারতের কাছ থেকে মাশুল আদায়ের ব্যাপারে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। ট্রানজিটের জন্য মাশুল আদায়ের বিষয়টি নৌ-প্রটোকলে ধার্য করা আছে। শাজাহান খান আরও বলেন, এই সমঝোতা স্মারক সইয়ের সুবিধাটি হচ্ছে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কটি তৈরি হয়ে যাবে। এমনিতেই সড়কটি নির্মাণের প্রয়োজন ছিল। চুক্তি অনুযায়ী কাজ শেষ হলে ভারত আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়কপথে মাত্র কিছু পণ্য পরিবহন করবে। ভবিষ্যতে এ পথে পণ্য পরিবহন করলে ভারতকে কী পরিমাণ মাশুল দিতে হবে সেটি এনবিআর নির্ধারণ করবে। তবে নৌ-প্রটোকলের বিষয়ে নৌপরিবহনমন্ত্রী ও সচিবের মন্তব্য বিভ্রান্তিকর বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ পালাটানার ওডিসি পরিবহনের জন্য যে সমঝোতা স্মারক সই করা হয়েছে, তার সঙ্গে নৌ-ট্রানজিট প্রটোকলের কোনো সম্পর্ক নেই। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সচিব মনোয়ার হোসেনও জানান সই করা সমঝোতা স্মারক ও নৌ-প্রটোকল পুরোপুরি আলাদা।মাশুল আদায় ছাড়া ভারতকে ট্রানজিট দেওয়ার সুফল সম্পর্কে জানতে চাইলে যোগাযোগ বিশেষজ্ঞ রহমতউল্লাহ বলেন, ‘ভারতের অর্থায়নে আশুগঞ্জ থেকে আগরতলা সীমান্ত পর্যন্ত সড়ক অবকাঠামো তৈরি হবে। বিদ্যুৎকেন্দ্রের জন্য সড়কটি একবার ব্যবহার করা হবে। কিন্তু সড়কটি বাংলাদেশের থেকে যাবে। সড়ক অবকাঠামো নির্মাণে আমাদের কোনো টাকা খরচ হচ্ছে না। এমন পরিস্থিতিতে আমরা তাদের কাছ থেকে মাশুল নেব কেন? তা ছাড়া ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার কথাও শুনেছি।’ প্রকল্পের কাজ শুরু এবং শেষ বিষয়ে নৌসচিব জানান, চলতি বছরের ডিসেম্বরে কাজ শুরু হলে তা আগামী ডিসেম্বরে শেষ হবে বলে তাঁদের আশাবাদ। তবে চুক্তি অনুযায়ী এ প্রকল্পের মেয়াদ ২০১২ সালের ৩০ জুন। চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দীন ও ওএনজিসির পরিচালক এ কে হাজারিকা। সমঝোতা স্মারকের প্রতিপাদ্য: তিনটি ধারাবিশিষ্ট সমঝোতা স্মারকের প্রথম দুটি অংশে ভারত ও বাংলাদেশ পণ্য পরিবহনে কী কী দায়িত্ব পালন করবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে। গত জানুয়ারির দিল্লি শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে, ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পণ্য অভ্যন্তরীণ নৌপথে পশ্চিমবঙ্গের রায়মঙ্গল থেকে আশুগঞ্জ আনা হবে। এরপর আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়কপথে তা আখাউড়া সীমান্তচৌকি (সেনারবাদি) পর্যন্ত পরিবহন করা হবে। সমঝোতা স্মারকে ভারতের দায়িত্ব সম্পর্কে মূলত অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সংস্কারে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। উল্লেখ্য, ভারত বলতে এখানে ওটিপিসিকে বোঝানো হয়েছে। এই প্রতিষ্ঠানটিই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। আর ওটিপিসির অবকাঠামো নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ভারত হেভি ইলিকট্রেক লিমিটেড (বিএইচইএল)। বাংলাদেশে তারাই সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে কাজটি করবে। নৌপথে বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী কনটেইনার আশুগঞ্জ নৌবন্দরে আনার পর তা ওঠানামার জন্য ভারত একটি রো রো ফেরি তৈরি এবং এটি পরিচালনার জন্য লোক নিয়োগ দেবে। এরপর নারায়ণপুরসহ কয়েকটি স্থানে পণ্য রাখার জন্য তৈরি করা হবে পার্কি বে। এ ছাড়া সুলতানপুর থেকে আখাউড়া সীমান্তচৌকি পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্ত, পুনঃসংস্কার ও মজবুত করা হবে। আবার নদী ও খালের ওপর বাইপাস নির্মাণের পাশাপাশি কংক্রিটের পাইপের মাধ্যমে পানিপ্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। এ ছাড়া কোথাও কোথাও রাস্তার বাঁক পরিবর্তনের ব্যবস্থা এবং এ জন্য প্রয়োজনে গাছপালা কাটার পাশাপাশি প্রয়োজনে ব্যক্তিগত জমি অধিগ্রহণ কিংবা ব্যবহারের জন্য নেওয়া হবে। এ ক্ষেত্রে জমির মালিককে বাজারমূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাংলাদেশের দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত ভারী পণ্যবাহী কনটেইনার চলাচল করবে। ওই বহরের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহনের আকৃতি: পালাটানার বিদ্যুৎকেন্দ্রের জন্য ৯৬টি কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহন করা হবে। যেসব যন্ত্র পরিবহন করা হবে তার সর্বোচ্চ ওজন ৩২৫ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১১ মেট্রিক টন। এসব যন্ত্রাংশের সর্বোচ্চ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২৪ মিটার, ৫ দশমিক ৬ মিটার ও ৫ দশমিক ৫ মিটার। ১৬ এক্সেলযুক্ত ২৮ চাকার ট্রেইলারের মাধ্যমে এগুলো পরিবহন করা হবে, যার সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৬ মিটার।