আশুগঞ্জ বন্দর দিয়ে ভারতীয় পণ্য পরিবহন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভারী পণ্য (ওডিসি) পরিবহন গতকাল রোববার দিবাগত রাত থেকে শুরু হয়েছে। ত্রিপুরার পালাটানায় ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেডের (ওটিপিসি) ওই প্রকল্পে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সম্প্রতি পশ্চিমবঙ্গের খিদিরপুর থেকে আশুগঞ্জ নৌবন্দরে আনা হয়েছে। আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, যন্ত্রাংশ পরিবহনের সময় নির্ধারণের জন্য বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের যৌথ সভা গত বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, যন্ত্রাংশের প্রথম চালানটি নিয়ে রোববার রাত ১২টার পরে দুটি ট্রেইলার আশুগঞ্জ বন্দর থেকে ত্রিপুরার উদ্দেশে যাত্রা করবে। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত ১২টা ২৯ মিনিটে প্রথম ট্রেইলারটি যাত্রা শুরু করে। এ সময় প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। ট্রেইলার দুটি চলবে ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ কিলোমিটার গতিতে। এ সময় সড়কের এক পাশ দিয়ে অন্য সব যান চলাচল বন্ধ থাকবে।জানা গেছে, গত ১৫ দিনে ভারত থেকে আশুগঞ্জ নৌবন্দরে এসেছে চারটি জাহাজ। বন্দরের জেটি ঘাট এলাকায় নোঙর করা জাহাজগুলো থেকে ১৮ মার্চ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশের কনটেইনার খালাস করে দুটি ডিপোতে রাখা হয়। কনটেইনার খালাসের সময় রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩০ চাকার দুটি ট্রেইলার দিয়ে যন্ত্রাংশগুলো আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড-সুলতানপুর-আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়া হবে।এসব পণ্য পরিবহনের দায়িত্বে আছে ভারতীয় এবিসি কোম্পানি। কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক সোমনাথ গাঙ্গুলী জানান, বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ নিয়ে চারটি জাহাজ গত ২২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের খিদিরপুর নৌবন্দর থেকে যাত্রা শুরু করে। এর মধ্যে ‘এমভি সাইকা’ গত ৯ মার্চ, ‘এমভি মোক্তাদির-২’ ১২ মার্চ, ‘এমভি সোনালি’ ১৬ মার্চ ও ‘এমভি হেংগিং-২’ ২০ মার্চ আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে। এ রকম আরও ৮৪টি মালবাহী জাহাজ খিদিরপুর বন্দর থেকে পর্যায়ক্রমে আশুগঞ্জ নৌবন্দরে আসবে। সব মালামাল ট্রেইলারে করে আগরতলায় নিয়ে যাওয়া হবে।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ভারী যন্ত্রাংশ পরিবহনের জন্য এই সড়কের সেতু ও কালভার্টের পাশ দিয়ে ডাইভারশন এবং সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়ক প্রশস্ত করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজস্ব কর্মকর্তা কাজী আবুল হোসাইন বলেন, বন্দরে সব মালামালের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। সবকিছু বিধি অনুযায়ীই হচ্ছে। মালামালের মধ্যে রয়েছে প্রতিটি ৭০ টন ওজনের মডিউটর ওয়াটার টিউব বয়লার এবং প্রতিটি ৭৫ টন ওজনের কতটি রিঅ্যাক্টর ট্যাংক।প্রসঙ্গত, পালাটানার বিদ্যুৎকেন্দ্রের ভারী পণ্য (ওডিসি) পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের বিষয়ে গত ৩০ নভেম্বর সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ওটিপিসি। ওই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে বহুমাত্রিক পদ্ধতিতে ট্রানজিটের ব্যাপারে প্রথম কোনো চুক্তি করল বাংলাদেশ। ওই সমঝোতা স্মারক অনুযায়ী আশুগঞ্জ নৌবন্দর হয়ে ত্রিপুরায় পণ্য পরিবহনে ভারত কোনো মাশুল দেবে না। তবে আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার সড়ক নির্মাণ কিংবা পুনঃসংস্কার কাজে অর্থায়ন করবে ওটিপিসি। সড়ক ও জনপথের তত্ত্বাবধানে ওই কাজ করছে ভারতীয় ঠিকাদার। পুরো কাজে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকা।