আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উত্পাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে আজ রোববার বন্ধ হয়ে গেছে। এ দুটি ইউনিট থেকে প্রতিদিন ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করা হতো।বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটের বয়লারে ত্রুটি দেখা দেয়। প্রকৌশলীরা দ্রুত ত্রুটি দূর করার কাজ শুরু করলেও তার আগেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বেলা পৌনে ১২টার দিকে ত্রুটি দেখা দেয় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটে। বড় ধরনের ত্রুটি এড়াতে কর্তৃপক্ষ এ দুটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে। এ ছাড়া ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিটের উৎপাদনও গত দুই মাস ধরে বন্ধ রয়েছে। ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জের এ কেন্দ্র থেকে বর্তমানে ৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ. খালেক জানান, উৎপাদন বিপর্যয়ের পর পরই প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরু করে দিয়েছেন। কাল সোমবারের মধ্যে দুই নম্বর ইউনিট এবং তিন-চার দিনের মধ্যে চার নম্বর ইউনিট পুনরায় চালু হবে বলে তিনি আশা করছেন।