আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট চালু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট দিয়ে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৯ নম্বর ইউনিট সচল হয়। একই সঙ্গে সচল হয় আশুগঞ্জ-শাহাজীবাজার ১৩২ কেভি ক্ষমতার গ্রিড লাইনও।আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে শুরু করে। প্রকৌশলীরা কিছু বুঝে ওঠার আগে চালু থাকা ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৯ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। কিছু সময়ের ব্যবধানে তাঁরা বুঝতে পারেন মূলত গ্রিড লাইনের ত্রুটি থেকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এরপর সন্ধ্যা সাতটার দিকে প্রকৌশলীরা গ্রিড মেরামতের কাজ শুরু করেন। রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম জানান, ৪০ সদস্যের একটি প্রকৌশলী দল আশুগঞ্জ-শাহাজীবাজার ১৩২ কেভি গ্রিড লাইন মেরামতে অংশ নেন। রাত নয়টার দিকে সবকিছু স্বাভাবিক হয়ে আসে।