আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সার্কিট ব্রেকারে আগুন, ৪ ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে আগুন লেগে আজ বুধবার সকালে একযোগে চারটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে সকাল সাতটার দিকে ৭২৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে এখন মাত্র ১৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ব্যাপক লোডশেডিং চলছে।বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানায়, আটটি ইউনিটের মধ্যে সাতটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। সকাল সাতটার দিকে ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে শুরু করে। প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করার আগেই ওই ব্রেকারে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ওই কারণে কয়েক মিনিটের ব্যবধানে প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট এবং ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ বন্ধ হয়ে যায়। বর্তমানে ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২ নম্বর এবং ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট এবং ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দুই মাস আগেই ২৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিট মেরামত কাজের জন্য বন্ধ রাখা হয়।প্রকৌশলীরা জানান, ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে আগুন ধরে যাওয়ার কারণেই মূলত এ উৎপাদন বিপর্যয়। দুর্ঘটনার পর পরই কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরু করে দিয়েছেন। আজ রাতের মধ্যে অথবা কাল বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ইউনিট দিয়ে উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।