আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে বন্ধ হয়ে যাওয়া চারটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ইউনিট তিনটি সচল হয়।চালু ইউনিটগুলো হলো—১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিট, ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২। তবে ইউনিট ৪ এখনো চালু হয়নি। প্রকৌশলীদের ধারণা, আজ দিনের যেকোনো সময় ৪ নম্বর ইউনিট সচল হতে পারে।বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাতটার দিকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট সার্কিট ব্রেকারে (বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার একটি যন্ত্র) আগুন লেগে একযোগে চারটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কারণে ৭২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ১৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এদিকে বন্ধ হয়ে যাওয়া ইউনিট দিয়ে পুনরায় বিদ্যুৎ শুরু হওযায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কুমিল্লা¬, কিশোরগঞ্জ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে।