আশুগঞ্জ সার কারখানার উৎপাদন আবার বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। পাওয়ার প্ল্যান্টে সমস্যা দেখা দেওয়ায় আজ শুক্রবার বেলা ১১টা থেকে এ উৎপাদন বিপর্যয় ঘটে। এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যে প্রায় এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে কারখানা তৃতীয়বারের মতো উৎপাদন বিপর্যয়ের ঘটনা ঘটল। কারখানার কারিগরি বিভাগ জানায়, প্রতিদিনের মতো আজও স্বাভাবিক প্রক্রিয়ায় উৎপাদন হচ্ছিল। বেলা ১১টার দিকে কারখানার নিজস্ব পাওয়ার প্ল্যান্টে সমস্যা দেখা দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। উৎপাদন ও সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউরিয়া উৎপাদনও বন্ধ হয়ে যায়।কারখানার বিক্রয় বিভাগ জানায়, চলতি অর্থবছরে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বিসিআইসি। তিনবার বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ক্ষতি হয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। বর্তমানে কারখানায় ৬৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। বিক্রয় বিভাগ এখনই সার সংকটের আশঙ্কা করছে না। তবে ঘন ঘন উৎপাদন বন্ধ হয়ে গেলে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সার সংকটের আশঙ্কা থাকবে বলে সূত্রটি মনে করছে। কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) আবু নাছের আহাম্মেদ বলেন, পাওয়ার প্ল্যান্টের সমস্যার কারণে উৎপাদন বন্ধ আছে। স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। আশা করছি, দ্রুত উৎপাদন শুরু করা যাবে।