আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন ধরে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে এক মাসের মধ্যে পঞ্চমবারের মতো এ কারখানায় উৎপাদন-বিপর্যয়ের ঘটনা ঘটল।কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিকট শব্দে অ্যামোনিয়া প্ল্যান্টের¬ সিংগ্যাস কমপ্রেসার লিকেজ হয়ে তেল বের হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই এখান থেকে আগুনের শিখা বের হয়ে প্রায় ৪০ ফুট ওপরে উঠে যায়। কারখানার নিজস্ব দমকল বাহিনীর লোকজন পঁচিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে প্রতিদিন প্রায় ১৪০০ মেট্রিক টন করে ইউরিয়ার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গণি জানান, অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার প্রকৌশলীরা মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন।