আশুগঞ্জ সার কারখানায় আবার উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন বন্ধ থাকার পর চালু হয়ে দুই দিন যেতে না-যেতেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে কারখানার ইউরিয়া প্লান্টে যান্ত্রিক সমস্যার কারণে এ উত্পাদন বিপর্যয় ঘটে। এতে প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদন ব্যাহত হবে, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ইউরিয়া প্লান্টে সমস্যার কারণে গত শনিবার উৎপাদন বন্ধ হয়। এরপর কারখানার নিজস্ব প্রকৌশলীরা টানা কাজ করে গত মঙ্গলবার থেকে ফের উৎপাদন কাজ শুরু করতে সমর্থ হয়। দুই দিন উৎপাদন চলার পর আজ ভোর চারটার দিকে ইউরিয়া প্লান্টে নতুন করে সমস্যা দেখা দিতে শুরু করে। প্রকৌশলীরা ত্রুটি চিহ্নিত করে সমাধানের আগেই উৎপাদন বন্ধ হয়ে যায়।বিক্রয় বিভাগ জানায়, চলতি অর্থবছরে কারখানার ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮০ হাজার মেট্রিক টন। আর এখন পর্যন্ত উৎপাদন হয়েছে সাত হাজার ৭১২ মেট্রিক টন। চলতি মাসে তিনবার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে রয়েছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি জানান, উৎপাদন বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। তবে কাজ শেষ হতে সাত থেকে আট দিন লাগতে পারে।বর্তমানে কারখানায় প্রায় এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ থাকায় সার সংকটের আশঙ্কা নেই।