আশুগঞ্জ সার কারখানায় ফের উত্পাদন শুরু
এক সপ্তাহ বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আজ শুক্রবার থেকে ফের উত্পাদন শুরু হয়েছে। পাওয়ার প্ল্যান্টের ত্রুটি মেরামত করার পর ভোর থেকে উত্পাদনে যায় কারখানাটি।কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, ১৯ আগস্ট বেলা ১১টার দিকে কারখানার নিজস্ব পাওয়ার প্ল্যান্টে সমস্যা দেখা দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুত্ সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর ফলে ইউরিয়া উত্পাদনও বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেন। এক সপ্তাহ পর আজ থেকে কারখানাটিতে উত্পাদন শুরু হয়।কারখানার বিক্রয় বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছরে চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। বিগত দুই মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো উত্পাদন বিপর্যয়ের ঘটনা ঘটায় উত্পাদন ক্ষতি হয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। বর্তমানে কারখানায় ৬৬ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। এখনই সার সংকটের আশঙ্কা করছে না বিক্রয় বিভাগ। তবে ঘন ঘন উত্পাদন বন্ধ হয়ে গেলে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সার সংকট হতে পারে।এক সপ্তাহ বন্ধ থাকায় কারখানায় প্রতিদিন গড়ে এক হাজার ২০০ মেট্রিক টন করে ইউরিয়া উত্পাদন ক্ষতি হয়।কারখানার মহাব্যবস্থাপক (উত্পাদন) জিন্নাত আলী উত্পাদনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।