আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের টিউবে (নল) ত্রুটি দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার রাত থেকে আবার উৎপাদন বিপর্যয় দেখা দেয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ দিনের আগে উৎপাদনে যাওয়া সম্ভব হবে না।১৫০ কোটি টাকা ব্যয়ে মেরামত ও ত্রুটি সারাইয়ের কাজ শেষে চালুর দুই মাসের ব্যবধানে এ নিয়ে চারবার উৎপাদন বিপর্যয় ঘটল। কারখানার কারিগরি বিভাগ জানায়, সর্বশেষ ৫ জুলাই কারখানাটি চালু করা হয়। চালুর পর পূর্ণমাত্রায় উৎপাদন হচ্ছিল না। ছোটখাটো কিছু সমস্যা দেখা দেয়। সাত দিন পর গতকাল রাত থেকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের টিউব ফুটো ধরা পড়ে। প্রকৌশলীরা সমস্যা সমাধানের আগেই স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন বিদেশ থেকে টিউব আনতে হবে। তাই আগামী ১৫ দিনের মধ্যে উৎপাদনে যাওয়া সম্ভব হবে না।একই বিভাগ জানায়, আশুগঞ্জ সার কারখানা থেকে শুরুতে প্রতিদিন এক হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হতো। যান্ত্রিক ক্রটির কারণে বর্তমানে তা কমে এক হাজার ৪০০ মেট্রিক টনে দাঁড়ায়। সম্প্রতি উৎপাদন ২০০ টন আরও কমে এক হাজার ২০০ মেট্রিক টনে দাঁড়ায়। এ অবস্থায় নিরবচ্ছিন্ন উৎপাদন বাড়াতে ওভারহোলিং বা মেরামত ও ত্রুটি সারানোর সিদ্ধান্ত হয়। চলতি বছরের ১ এপ্রিল কারখানা মেরামত ও ত্রুটি সারানো শুরু হয়। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. জিন্নাত আলী সাংবাদিকদের জানান, কারখানা চালু হলেও নতুন করে ইউরিয়া প্ল্য¬ান্টে কিছু ক্রটি দেখা দেয়। এ কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে নতুন টিউব এনে কারখানা চালু করতে হবে। এ জন্য কিছু দিন সময় লাগবে।