আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণার সম্মতিপত্র সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের মাধ্যমে ভারতীয় পণ্য পরিবহনের জন্য গতকাল সোমবার পোর্ট অব কল ঘোষণার সম্মতিপত্রে সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের এই নৌবন্দরের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের পথ সুগম হলো। এই সম্মতিপত্র বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ-বাণিজ্য ও ট্রানজিট প্রটোকলের অংশ হিসেবে গণ্য হবে।এ ব্যাপারে জানতে চাইলে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণার বিষয়ে ভারতের দেওয়া প্রস্তাবে আমরা সই করেছি। ওই পত্রে এর আগে সই করেছেন ভারতের নৌপরিবহনসচিব। ফলে এখন থেকে আশুগঞ্জের মাধ্যমে ভারতীয় পণ্য পরিবহনের বিষয়টি চূড়ান্ত হলো।’ তিনি জানান, সই করা চিঠিটি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে দেওয়া হবে। আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণার বিনিময়ে ভারত ইতিমধ্যে আসামের শিলঘাটকে পোর্ট অব কল ঘোষণা করেছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন সম্মতিপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠায়। আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণার মানে কলকাতা থেকে নৌপথে পণ্য পরিবহন করা হবে। এর পর সড়কপথে ওই পণ্য নেওয়া হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কবে থেকে আশুগঞ্জ নৌবন্দরের মানোন্নয়নের কাজ শুরু হবে জানতে চাইলে আবদুল মান্নান হাওলাদার বলেন, শিগগিরই তা শুরু হবে। পুরো কাজটির তত্ত্বাবধান করছে যোগাযোগ মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় কাজটি দ্রুত শুরুর ব্যাপারে তাগিদ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি লিখেছে। তিনি জানান, আশুগঞ্জের মানোন্নয়নের ব্যাপারে গত মার্চে সমীক্ষার কাজ শেষ হয়েছে।উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পণ্য পরিবহনের জন্য আশুগঞ্জকে পোর্ট অব কল দেওয়ার সিদ্ধান্ত হয়।