আশুগঞ্জে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে সুমন মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার যাত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।আশুগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, নিহত সুমন মিয়ার বাড়ি উপজেলার সোনারামপুর গ্রামে। তিনি আবুল কাসেমের ছেলে। সুমন কিছুদিন আগে বিদেশ থেকে দেশে আসেন। আজ ভোরে তিনি যাত্রাপুর রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেনটি ওই লাইন ধরে আসছিল। ট্রেনটি কাছে আসার পরও সুমন লাইন ছাড়ছিলেন না। চালক বিপদ বুঝতে পেরে অস্বাভাবিকভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয়। আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল্লাহ ফারুক জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় আন্তনগর সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, ঢাকাগামী সিলেট মেইল, তিতাস কমিউটারসহ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।