আশুগঞ্জে তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে যান্ত্রিক সমস্যার কারণে আজ রোববার ভোর থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ আশপাশের এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা বেড়ে গেছে।জানা যায়, আজ ভোর চারটার দিকে বিদ্যুত্ কেন্দ্রের ৬০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন জিটি-১ ও ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এ সময় প্রকৌশলীরা টের পেয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।পরে ভোর পাঁচটার দিকে ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটে একই কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।ফলে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এম এ খালেক জানান, প্রকৌশলীরা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই দুটি ইউনিট চালু হবে।এদিকে নরসিংদী ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎদন ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিটে গতকাল শনিবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে।