আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এসআইসহ আহত ৩৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) উভয়পক্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে ফুটবল খেলা নিয়ে উপজেলার বড়তল্লা ও যাত্রাপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশুগঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার স্থানীয় মাঠে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে গোল হওয়া না-হওয়া নিয়ে উভয়পক্ষের সমর্থকেরা বিতর্কে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কথাকাটাকাটির জের ধরে উভয়পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষে সাতজন আহত হয়। ওই ঘটনার সূত্র ধরে আজ সকাল ১০টার দিকে দুই গ্রামের কয়েক শ বাসিন্দা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে আহত হন এসআই জিসান। পরে পুলিশ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।