আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা গ্রামে আজ শুক্রবার সকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।গুরুতর আহত অবস্থায় নয়জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালপুর মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে আড়াইসিধা গ্রামের ইসমাইল সিরাজীর পক্ষ ও ভূঁইয়া বাড়ির পক্ষ মাঠে খেলতে নামে। খেলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আজ সকাল আটটার দিকে ইসমাইল সিরাজীর পক্ষের সুজন মিয়া আড়াইসিধা বাজারে গেলে ভূঁইয়া বাড়ির পক্ষের নিয়ামুল ভূঁইয়ার সঙ্গে গতকালের খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে আবারও হাতাহাতি হয়। এ খবর জানাজানি হলে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে আশুগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।