আশুগঞ্জে বাস উল্টে নিহত ২, আহত ২০
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে গতকাল বৃহস্পতিবার রাত চারটার দিকে একটি যাত্রীবাহী বাস গোলচত্বরের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন ২০ জন। টাঙ্গাইল থেকে সিলেটগামী প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি মো. মোশাররফ হোসেন (৪৫)। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি টাঙ্গাইলের কালিহাতী থেকে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজারে যাচ্ছিল। চালক আশুগঞ্জ গোলচত্বরে এসে বাঁ দিকে না ঘুরে সোজা গোলচত্বরের খুঁটিতে আঘাত করেন। এতে বাসটি দুমড়েমুচড়ে মহাসড়কে উল্টে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমূর হোসেন (১৮) প্রথম আলোকে জানান, বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।