আশুগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—ঢাকার লালবাগের খলিলুর রহমান (৪৫), শামীম মিয়া (৪০), সুনামগঞ্জের মুসলেম মিয়া (৪০) ও অজ্ঞাত পুরুষ (৫৫)। নিহত সবাই বাসের যাত্রী।পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী নূর পরিবহনের বাসটি ভোর চারটার দিকে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুসলেম মিয়া মারা যান এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গুরুতর আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশুগঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিত্সাধীন অবস্থায় মুসলেম ছাড়া অন্য তিনজন মারা যান। এদিকে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাজী মোতাহার হোসেন লেনের বাসিন্দা শংকর লাল, ঢাকার শিববাড়ী মহল্লার গবিন্দ রায়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।