আশুগঞ্জে বিদ্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিশু আহত হয়েছে। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।আজ রোববার বিকেল তিনটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে তিন শিশু খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চবিদ্যালয়ের মূল ভবনের পাশের গর্তে পাঁচটি কৌটা দেখে কুড়িয়ে নেয়। পরে তারা কৌটাগুলো বিদ্যালয় মাঠে ছুড়ে মারার সঙ্গে সঙ্গেই তিনটি কৌটা বিস্ফোরিত হয়। এতে আশিক মিয়া (১০), শারফিন (১২), তফশির খন্দকার (১৪) নামে ওই তিন শিশু আহত হয়।খন্দকার শাহানা ফরিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য কোনো একটি গোষ্ঠী বিদ্যালয় ভবনের পাশে ককটেল রেখে যেতে পারে।আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।