আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ও তাঁর স্ত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় আশুগঞ্জ সার কারখানার নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ) রাশেদুল হক ও তাঁর স্ত্রী নাসরিন হক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। নিহত রাশেদুল হকের বাড়ি কুষ্টিয়ায়।পুলিশ ও আশুগঞ্জ সার কারখানা সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে রাশেদুল হক স্ত্রীকে নিয়ে আশুগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। তাঁরা কারখানার ফটক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই প্রকৌশলীর মৃত্যুর হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর স্ত্রী নাসরিন হকের মৃত্যু হয়। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, প্রকৌশলী রাশেদুল হক এ কারখানার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। অসুস্থ আপন বড় ভাইকে দেখার জন্য তিনি আজ স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।