আশুগঞ্জে সন্দেহভাজন চার ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪০ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাইরাদি গ্রামের আমানউল্লাহ (৩৫), নরসিংদীর ছোট বালাপুর গ্রামের ইয়াকুব আলী (৩০), আবদুল্লাহকান্দি গ্রামের ফারুক হোসেন (৩০) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দির মিলন মিয়া (২২)।র্যাব-৯ ভৈরব ক্যাম্প থেকে জানানো হয়, ১ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের ফারুক মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় ডাকাত দল নগদ টাকাসহ ৪২ লাখ টাকার মালামাল লুট করে। আজ বুধবার ভোর চারটার দিকে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অভিযান চালিয়ে আমানউল্লাহ, ইয়াকুব ও ফারুককে আটক করা হয়। এর আগের দিন রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরের দায়রাকান্দি বাজার থেকে মিলনকে আটক করা হয়। র্যাব-৯ ভৈরব ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিরা সবাই ডাকাত। আমানউল্লাহ ডাকাতদের সর্দার। আমানউল্লাহ আশুগঞ্জে ডাকাতির কথা স্বীকার করেছেন।