আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত চার
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালায় আজ বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালকসহ চারজন নিহত ও অন্য চারজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আশুগঞ্জগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সরাইল বিশ্বরোডগামী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ সময় টেম্পোযাত্রী শাহিন মিয়া ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তির পর টেম্পোচালক সালেক মিয়া, টেম্পোযাত্রী মারফত আলী ও তিন বছরের অজ্ঞাতনামা একটি শিশু মারা যান।দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাতনামা দুইজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন এবং অন্য দুজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।